নড়াইলে পুলিশ নীরব থেকে অপরাধে সহায়তা করেছে: গণসংহতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নড়াইলে শিক্ষক নির্যাতন ও সাভারে শিক্ষক হত্যার ঘটনায় জড়িতদের গ্রেপ্তার ও বিচার দাবি করেছে গণসংহতি আন্দোলন। আজ বুধবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ দাবি জানানো হয়।

গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি ও নির্বাহী সমন্বয়কারী আবুল হাসান এক যৌথ বিবৃতিতে বলেছেন, নড়াইলে শিক্ষক নির্যাতন ও সাভারে শিক্ষক হত্যার ঘটনায় সরকার ও প্রশাসনের ব্যর্থতা ও ইন্ধনই প্রধান ভূমিকা রেখেছে।

নড়াইলের ঘটনা নিয়ে বিবৃতিতে বলা হয়, প্রশাসন ও পুলিশ ঘটনা সামাল দিতে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। শিক্ষককে জুতার মালা পরানোর মতো অসম্মানের উসকানি স্থানীয় নেতারা দিয়েছেন। আর জেলা প্রশাসক ও পুলিশ সুপারের উপস্থিতিতে তার বাস্তবায়ন হয়েছে। তাঁরা সবাই এই ঘটনার জন্য নানান মাত্রায় দায়ী।

বিবৃতিদাতারা বলেন, একচ্ছত্র, প্রশ্নহীন ক্ষমতার চর্চা যখন দেশের সর্বস্তরে দেখা যায়, তা সমাজের ভেতরও উগ্রতার বিকাশ ঘটায় এবং আইন ও বিচার নিজের হাতে তুলে নেওয়ার লক্ষণ দেখা যায়। নড়াইলে শিক্ষকের সঙ্গেও এ ঘটনা ঘটেছে। এখানে পুলিশ নীরব থেকে বরং অপরাধ সংঘটিত হতে দিয়েছে এবং অপরাধীদের সহায়ক হতে তাদের দেখা গেছে।

বিবৃতিতে বলা হয়, সাভারে শিক্ষক নির্যাতন ও হত্যার ঘটনায় এখনো হামলাকারীকে গ্রেপ্তার করতে দেখা যায়নি। দুই দিন পার হয়ে গেলেও যে স্টাম্প দিয়ে শিক্ষককে প্রহার করা হয়েছে, তা আলামত হিসেবে পুলিশ সংগ্রহ করেনি।

গণসংহতির বিবৃতিতে বলা হয়, প্রশাসনকে শক্তিশালী করার একটাই অর্থ রয়েছে, সেটা হলো প্রশাসনকে দায়িত্বশীল, জবাবদিহিমূলক ও স্বচ্ছ করতে হবে। তারা যেমন তাদের কাজের জন্য স্বাধীনতা পাবে, তেমনি অদক্ষতা ও ব্যর্থতার দায়ও তাদের নিতে হবে। এই দায়িত্ব ও দায় নিশ্চিত করতে হলে সবার আগে প্রয়োজন গণতন্ত্র ও আইনের শাসন নিশ্চিত করা। বর্তমান পরিস্থিতিতে আওয়ামী লীগের নেতৃত্বে যে প্রশাসন ও দলীয় ব্যক্তিদের একচ্ছত্র বেআইনি শাসন চলছে, তার পরিণাম অচিরেই দেশকে খারাপ থেকে খারাপতর দিকে নিয়ে যাবে।