নড়িয়ায় আ.লীগের নেতা-কর্মীরা ঘরবন্দী!
শরীয়তপুরের নড়িয়া পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের মেয়র প্রার্থী হায়দার আলীর সমর্থকদের প্রচারণা চালাতে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে। কর্মীদের মারধর ও মামলায় জড়ানোর অভিযোগও পাওয়া গেছে। হায়দার আলী অভিযোগ করেছেন, প্রচারণার সময় তাঁর পরিবারের সদস্যদের অনুসরণ করা হচ্ছে। স্বতন্ত্র মেয়র প্রার্থী ও পৌর আওয়ামী লীগের সদস্য শহীদুল ইসলাম বাবুর সমর্থকেরা এমন পরিস্থিতি সৃষ্টি করেছেন বলে অভিযোগ। এমন পরিস্থিতিতে সুষ্ঠু ভোট গ্রহণ নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন ভোটার ও আওয়ামী লীগের নেতা-কর্মীরা।
স্থানীয় আওয়ামী লীগ সূত্র জানায়, হায়দার আলী স্থানীয় সাংসদ কর্নেল (অব.) শওকত আলীর আর শহীদুল ইসলাম নড়িয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ইসমাইল হকের সমর্থক। শরীয়তপুর জেলা আওয়ামী লীগের অর্থবিষয়ক সম্পাদক ইসমাইল হক পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হকের ছোট ভাই। গত উপজেলা নির্বাচনকে কেন্দ্র করে শওকত আলী ও ইসমাইল হকের মধ্যে বিরোধ তৈরি হয়। এখন এই বিরোধের প্রভাব পড়েছে পৌর নির্বাচনে।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাসান আলী রাঢ়ি বলেন, ‘ইসমাইল হক সন্ত্রাসী বাহিনী দিয়ে দলীয় নেতা-কর্মীদের ভয়ভীতি দেখাচ্ছেন। তাঁর লোকজন আমাদের প্রচারণায় বাধা দিচ্ছে, মামলায় জড়াচ্ছে। মামলা ও মারধরের ভয়ে নেতা-কর্মীরা প্রচার চালাতে পারছেন না। এমন পরিস্থিতি হলে নড়িয়ায় সুষ্ঠু নির্বাচন সম্ভব হবে না।’
গত বুধবার বেলা ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত নড়িয়া পৌরসভার বিভিন্ন এলাকায় ঘুরে আওয়ামী লীগের কোনো নেতা-কর্মীকে নির্বাচনী প্রচারণায় দেখা যায়নি। বেলা একটায় নড়িয়া আওয়ামী লীগ কার্যালয়ে গিয়ে তা বন্ধ দেখা যায়। শীতের পোশাক ব্যবসায়ীরা কার্যালয়ের ভেতর দখল করে পোশাক রেখেছেন। তবে স্বতন্ত্র প্রার্থী শহীদুল ইসলামকে নড়িয়া বাজার ও বাঁশতলা এলাকায় প্রচারণা চালাতে দেখা গেছে। বিকেল পাঁচটার দিকে বাঁশতলা এলাকায় একটি পথসভায় তিনি বক্তব্য দেন।
নড়িয়া পৌরসভার বৈশাখী পাড়া গ্রামের মোবারক ঢালী বলেন, ‘বহিরাগত সন্ত্রাসীরা প্রতিদিন মোটরসাইকেল নিয়ে পাড়ায় মহড়া দেয়। আমাদের ভোটকেন্দ্রে যেতে এবং নৌকায় ভোট দিতে নিষেধ করে। ভোট দিলে হাত-পা ভেঙে দেওয়ার ভয় দেখায়।’
মধ্য লোনসিংয়ের শালাল ছৈয়াল, আনিছ উদ্দিন ও হানিফ সরদার অভিযোগ করেন, তাঁদের হুমকি দেওয়া হচ্ছে নৌকা প্রতীকে ভোট না দেওয়ার জন্য।
আওয়ামী লীগের প্রার্থী হায়দার আলী বলেন, ‘আমি ও আমার পরিবারের সদস্যরা প্রচারণায় বের হলে শহীদুল ইসলামের কর্মীরা আমাদের অনুসরণ করে। তারা আমাদের প্রচারণায় বাধা দেয়। পরিবারের সদস্য ও কর্মীদের মামলায় জড়ানোর ভয় দেখায়। আমার ১২ জন কর্মীকে মিথ্যা মামলা দিয়ে এলাকাছাড়া করেছে।’
হায়দার আলী বলেন, ‘পুলিশ আমাকে কোনো প্রকার সহযোগিতা করছে না। বিষয়টি আমি বুধবার আইজিপিকে জানিয়েছি। তিনি প্রতিশ্রুতি দিয়েছেন, কেউ সন্ত্রাসী কর্মকাণ্ড চালাতে পারবে না।’
উপজেলা চেয়ারম্যান ইসমাইল হক অবশ্য শহীদুল ইসলামকে সমর্থন দেওয়ার কথা অস্বীকার করেন। তিনি বলেন, ‘আমি সদর পৌরসভা নিয়ে ব্যস্ত আছি।’
তাঁর বিরুদ্ধে দলীয় প্রার্থীকে নির্বাচনী প্রচারে বাধা দেওয়ার অভিযোগ প্রসঙ্গে তিনি গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘এসব মিথ্যা অভিযোগ। আমি কেন নির্বাচনে প্রভাব খাটাতে যাব? নড়িয়া আওয়ামী লীগের ঘাঁটি, এখানে আমাদের দলই জয়ী হবে।’
হায়দার আলীর ছেলে কামরুল ইসলাম বলেন, ‘গত সোমবার মোটরসাইকেল নিয়ে লোনসিং এলাকায় যাওয়ার পথে কিছু লোক আমার গতিরোধ করে। নির্বাচন থেকে সরে যেতে বলে। নইলে মামলায় জড়ানোর হুমকি দেয়।’
এ বিষয়ে থানায় মামলা করতে গেলে তা নেওয়া হয়নি।
তবে হায়দার আলীর মামলা গ্রহণ না করার অভিযোগ অস্বীকার করে নড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকরাম আলী মিয়া বলেন, তাঁরা কোনো মামলা দেননি। জিডি করেছেন। শহীদুল ইসলামের সমর্থকেরা একটি মামলা দিয়েছেন। তাতে ১২ জনকে আসামি করা হয়েছে। তাঁরা সবাই হায়দার আলীর সমর্থক।
ইকরাম আলীর দাবি, পুলিশ কারও পক্ষে কাজ করছে না। যারা অন্যায় করবে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
স্বতন্ত্র মেয়র প্রার্থী শহীদুল ইসলাম বলেন, ‘আমি দলের সিদ্ধান্তের বাইরে নির্বাচন করছি। আমি দলীয় প্রার্থী ও তাঁর নেতা-কর্মীদের বাধা দেওয়ার ক্ষমতা কোথায় পাব? আমার বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে।’