নড়িয়ায় মার খাচ্ছে আ.লীগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শরীয়তপুরের নড়িয়া পৌরসভায় গত দুই দিন আওয়ামী লীগের মেয়র পদপ্রার্থী হায়দার আলীর সমর্থকদের ওপর কয়েক দফায় হামলা এবং এক বাড়িতে অগ্নিসংযোগ করা হয়। বিদ্রোহী প্রার্থী শহীদুল ইসলামের সমর্থকেরা এ হামলা চালিয়েছেন বলে অভিযোগ উঠেছে। সেখানে বিএনপির মেয়র পদপ্রার্থী রেজাউর রহমান ও স্বতন্ত্র প্রার্থী মোসলেহ উদ্দিন নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন।
এদিকে গতকাল শনিবার চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় বিএনপির প্রার্থীর প্রচারে গিয়ে হামলার শিকার হয়েছেন দলের চেয়ারপারসনের উপদেষ্টা মীর মোহাম্মদ নাছির উদ্দিন। জামালপুরের সরিষাবাড়ীতে নির্বাচনী প্রচারণায় গিয়ে হামলার শিকার হয়েছেন আওয়ামী লীগের প্রার্থী। গত দুই দিনে যশোর, সীতাকুণ্ড ও নেত্রকোনায় আওয়ামী লীগ প্রার্থীর লোকজনের হামলার শিকার হয়েছেন দলের বিদ্রোহী প্রার্থীর সমর্থকেরা।
প্রথম আলোর প্রতিনিধি ও স্থানীয় সূত্র জানায়, পৌর নির্বাচন নিয়ে নড়িয়ায় চরম উত্তেজনা বিরাজ করছে। গত শুক্রবার আওয়ামী লীগ প্রার্থী হায়দার আলীর সমর্থনে পৌরসভার প্রেমতলা এলাকায় উঠান বৈঠকে শহীদুলের সমর্থকেরা হামলা চালান। পৌরসভা ছাত্রলীগের সভাপতি মাসুদ রানাসহ আওয়ামী লীগের ২০ নেতা-কর্মীকে মারধর করা হয়। এ সময় ২০ থেকে ২৫টি ককটেলের বিস্ফোরণ ঘটানো হয়।
গতকাল সকালে আওয়ামী লীগ প্রার্থীর প্রচারের সময় উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শামিম ব্যাপারীকে পিটিয়ে হাত ভেঙে দেওয়া হয়। এরপর শহীদুল ও হায়দারের সমর্থকদের মধ্যে সংঘর্ষ বাধে নড়িয়া বাজারে। বেলা ১১টা থেকে ১টা পর্যন্ত সংঘর্ষে দুই পক্ষের অন্তত ৩০ জন নেতা-কর্মী আহত হন। এ সময় বাজারের সব দোকান বন্ধ হয়ে যায়। বেলা তিনটা পর্যন্ত শরীয়তপুর-নড়িয়া ও নড়িয়া-জাজিরা সড়কে যানবাহন চলাচল বন্ধ থাকে। বেলা একটার দিকে নড়িয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাসান রাঢ়ির ছেলে সেকান্দার আলমকে কুপিয়ে আহত করা হয়। তিনি নড়িয়া উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক।
নড়িয়ায় বর্তমান মেয়র হায়দার আলী আওয়ামী লীগের মনোনয়ন পান। সেখানে বিদ্রোহী প্রার্থী হয়েছেন পৌরসভা আওয়ামী লীগের সদস্য শহীদুল ইসলাম (বাবু)। হায়দার আলী স্থানীয় সাংসদ কর্নেল (অব.) শওকত আলীর আর শহীদুল ইসলাম উপজেলা পরিষদের চেয়ারম্যান ইসমাইল হকের সমর্থক বলে পরিচিত। নির্বাচনী প্রচার শুরুর পর থেকেই শহীদুলের বিরুদ্ধে হায়দারের সমর্থকদের বাধা দেওয়ার অভিযোগ ওঠে।
নড়িয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাসানুজ্জামান খোকন বলেন, ‘এত দিন শহীদুল ইসলামের সমর্থকেরা আমাদের কর্মীদের বাধা দিয়েছে। এখন মারধর করছে। পুলিশ আমাদের কোনো সহায়তা করছে না।’
জানতে চাইলে নড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকরাম আলী বলেন, ঘটনাগুলো সম্পর্কে কোনো পক্ষ থানায় অভিযোগ দেয়নি।
শরীয়তপুর জেলা বিএনপির সভাপতি সফিকুর রহমান গতকাল বলেন, ‘নড়িয়ায় বিদ্রোহী প্রার্থীকে সমর্থন দিয়েছেন এক প্রভাবশালী ব্যক্তি। তাঁর সমর্থকেরা আওয়ামী লীগের প্রার্থীকেই ঘর থেকে বের হতে দিচ্ছেন না। আমাদের প্রার্থীকে (রেজাউর রহমান) গৃহবন্দী করে রাখা হয়েছে। তিনি বিদ্রোহী প্রার্থীর চাপে নির্বাচন থেকে সরে দাঁড়াতে বাধ্য হয়েছেন।’ রেজাউর রহমানকে পাওয়া যায়নি। তাঁর মুঠোফোন বন্ধ পাওয়া গেছে।
স্বতন্ত্র প্রার্থী মোসলেহ উদ্দিন বলেন, চাপে পড়ে শহীদুল ইসলামকে সমর্থন দিতে হয়েছে।
আওয়ামী লীগের প্রার্থী হায়দার আলী প্রথম আলোকে বলেন, ‘শহীদুল ইসলাম নড়িয়ায় সন্ত্রাসী কর্মকাণ্ড করছেন। তাঁর ভয়ে দুজন প্রার্থী নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন। তিনি আমার প্রচারণাতেও বাধা দিচ্ছেন।’
হায়দার আলীর সমর্থকদের ওপর হামলার অভিযোগ একেবারে মিথ্যা বলে দাবি করেন শহীদুল ইসলাম। তিনি বলেন, ‘গতকাল আমার সমর্থকেরাই আহত হয়। হায়দার আলীর বিরুদ্ধে নির্বাচনে আমাকে স্বেচ্ছায় সমর্থন দিয়েছেন বিএনপি ও স্বতন্ত্র প্রার্থী। চাপের কোনো বিষয় নেই।’
রাঙ্গুনিয়ায় হামলা: রাঙ্গুনিয়ায় দলীয় প্রার্থী হেলাল উদ্দিন শাহের নির্বাচনী গণসংযোগে গিয়ে হামলার শিকার হয়েছেন বিএনপির চেয়ারপারসন মীর মোহাম্মদ নাছির উদ্দিন। গতকাল দুপুর সোয়া ১২টার দিকে পৌরসভার গোচরা চৌমুহনী এলাকায় এ ঘটনা ঘটে। হামলায় অন্তত ১০ জন আহত হয়েছেন।
মীর মোহাম্মদ নাছির উদ্দিন প্রথম আলোকে বলেন, ‘চৌমুহনী এলাকায় প্রচারণা শুরুর সময় স্থানীয় আওয়ামী লীগের সাংসদ হাছান মাহমুদকে সেখান দিয়ে যেতে দেখি। তিনি চলে যাওয়ার দেড়-দুই মিনিটের মধ্যে আমাদের ওপর আওয়ামী লীগের সন্ত্রাসীরা হামলা চালায়।’
হাছান মাহমুদ বলেন, ‘বিএনপির লোকজন তাঁদের প্রচারণায় আমাদের নেত্রীর বিরুদ্ধে অশালীন ভাষায় বক্তব্য রাখছিলেন। এ সময় যুবলীগের একটি অংশ ওই জায়গায় গণসংযোগে গিয়ে তা শুনে ফেলে। তখন এ নিয়ে সামান্য উত্তেজনা সৃষ্টি হয়েছে। গন্ডগোলের খবর সঠিক নয়।’
রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির বলেন, হামলা ও গুলির ঘটনা সঠিক নয়। একটু হাতাহাতির ঘটনা ঘটেছে।
সরিষাবাড়ীতে আওয়ামী লীগের প্রার্থীর ওপর বিএনপির হামলা: জামালপুরের সরিষাবাড়ী পৌরসভায় আওয়ামী লীগের মেয়র পদপ্রার্থী রুকনুজ্জামান গতকাল রাতে প্রচারণায় নেমে বিএনপির প্রার্থীর সমর্থকদের হামলার শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে। হামলায় রুকনুজ্জামান গুলিবিদ্ধসহ আওয়ামী লীগের ১০ নেতা-কর্মী গুরুতর আহত হয়েছেন। পরে বিএনপির কার্যালয়, চারটি গাড়ি, পাঁচটি দোকান ভাঙচুর ও লুটপাট হয়েছে।
আওয়ামী লীগ ও বিএনপির নেতা-কর্মী সূত্রে জানা গেছে, রুকনুজ্জামান লোকজন নিয়ে গতকাল রাত নয়টায় পৌরসভার আরামনগর বাজারে নির্বাচনী প্রচারণায় যান। এ সময় বিএনপির মেয়র পদপ্রার্থী ফয়েজুল কবীর তালুকদারের সমর্থকেরা হামলা চালান। এতে রুকনুজ্জামান, সাইদুর রহমান, আবদুল মান্নানসহ আওয়ামী লীগের ১০ নেতা-কর্মী আহত হন। তাঁদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। একপর্যায়ে আওয়ামী লীগ ও বিএনপির নেতা-কর্মীদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষ শুরু হয়। এ সময় উপজেলা বিএনপির কার্যালয় ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়।
সংঘর্ষের সময় আরামনগর বাজারে তিনটি মোটরসাইকেল ও একটি পিকআপ ভ্যান পুড়িয়ে দেওয়া হয়। পাঁচটি চা ও মনিহারির দোকানে ভাঙচুর ও লুটপাট করা হয়। মনিহারি দোকানদার খলিলুর রহমান জানান, হামলার সময় তাঁর দোকান ভাঙচুরের পাশাপাশি লুটপাটও করা হয়েছে।
তবে বিএনপির প্রার্থী ফয়েজুল কবির তালুকদার এই অভিযোগ অস্বীকার করেন। তিনি বলেন, ‘আওয়ামী লীগের মেয়র প্রার্থীর সমর্থকেরাই আমাদের দলীয় কার্যালয়ে হামলা চালিয়ে ভাঙচুর করেছে।’
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা মমতাজ উদ্দিন জানান, মেয়র পদপ্রার্থী রুকনুজ্জামানের গায়ে তিনটি ছররা গুলির আঘাতের চিহ্ন রয়েছে। অন্যরা ইটপাটকেলের আঘাতে আহত হয়েছেন।
অন্যান্য: নাটোরের বড়াইগ্রামে বিএনপির প্রার্থী ইসাহাক আলী অভিযোগ করেন, আওয়ামী লীগ প্রার্থীর বাধার কারণে তিনি পৌরসভার পাঁচটি ওয়ার্ডে জনসংযোগে যেতে পারছেন না। চাঁদপুরের মতলবে বিএনপির মেয়র প্রার্থী এনামুল হক অভিযোগ করেন, শুক্রবার দুপুরে আওয়ামী লীগের কর্মীরা তাঁর পোস্টার ও ব্যানার ছিঁড়ে ফেলেছেন।
শুক্রবার বিকেলে লক্ষ্মীপুরের রামগঞ্জ পৌরসভায় বিএনপির প্রার্থী রোমান হোসেন পাটোয়ারীর রতনপুরের বাড়িতে আওয়ামী লীগ প্রার্থী আবুল খায়ের পাটোয়ারীর লোকজন ককটেল হামলা ও গুলি করেছে। বাড়ির জানালার কাচ ভাঙচুর করা হয়। আবুল খায়ের দাবি করেন, ঘটনার সঙ্গে তাঁর লোকজন জড়িত নয়।
শুক্রবার সন্ধ্যায় পাবনার ঈশ্বরদী পৌর বিএনপির কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ হয়। একই দিন ভোলার বোরহানউদ্দিন পৌরসভার কাউন্সিলর পদপ্রার্থী সালাউদ্দিন পঞ্চায়েতকে দুর্বৃত্তরা পিটিয়ে ধানখেতে ফেলে রাখে। হবিগঞ্জ জেলা বিএনপির নেতারা শুক্রবার অভিযোগ করেন, বিএনপির মেয়র পদপ্রার্থী জি কে গউছের জয় ঠেকাতে দলের নেতা-কর্মীদের গ্রেপ্তার ও দমন-নিপীড়ন করছে পুলিশ।
গতকাল যশোরে নির্বাচনী প্রচারণার সময় আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী এস এম কামরুজ্জামান এবং তাঁর সমর্থকদের হকিস্টিক ও লোহার রড দিয়ে পিটিয়েছে সন্ত্রাসীরা। এতে তিনজন আহত হয়েছেন।