নয় জায়গা পার্কিংমুক্ত করে হাজার কোটি টাকা সাশ্রয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আনিসুল হক
আনিসুল হক

ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকার নয়টি স্থান পার্কিংমুক্ত করায় বছরে আর্থিক সাশ্রয় হবে এক হাজার কোটি টাকার বেশি। এর মধ্যে মোহাম্মদপুর বাসস্ট্যান্ড থেকে বছিলা পর্যন্ত নতুন রাস্তা হওয়ায় প্রতিবছর আর্থিক সাশ্রয় হবে প্রায় ১০০ কোটি টাকা করে। এই হিসাবগুলো যানবাহনের জ্বালানি সাশ্রয় এবং যানজটের কারণে মানুষের যে কর্মঘণ্টা নষ্ট হচ্ছে তার মূল্য ধরে করা। বেসরকারি বিশ্ববিদ্যালয় বাংলাদেশ ইউনিভার্সিটিতে (বিইউ) স্থাপিত আরবান ল্যাবের গবেষণায় এ তথ্য পাওয়া গেছে।
আরবান ল্যাব ঢাকা শহরের হারিয়ে যাওয়া খাল, সদ্য বাস ও ট্রাকস্ট্যান্ড উচ্ছেদের আর্থসামাজিক সাশ্রয় বিষয়ে তিনটি গবেষণা সম্পন্ন করেছে। গতকাল বুধবার বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ‘ঢাকা টুমরো’ শীর্ষক এক অনুষ্ঠানে এসব গবেষণার ফলাফল তুলে ধরা হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আনিসুল হক বলেন, জলজটের কারণে ঢাকায় খাল ভরাট হয়ে যাচ্ছে। কিন্তু খাল নিয়ে মেয়র কিছু করতে পারছেন না। খালের নিয়ন্ত্রণ ঢাকা ওয়াসার হাতে। খাল রক্ষণাবেক্ষণের মতো বেশ কিছু দায়িত্ব পুরোপুরি মেয়রকে দিয়ে দেওয়া উচিত। শুধু খালই নয়, ওয়াসার দায়িত্বও দুই মেয়রকে দেওয়া উচিত। তাহলে দুই বছরের মধ্যে ঢাকায় কোনো জলাবদ্ধতা থাকবে না।
অনুষ্ঠানে গবেষণা ফলাফল উপস্থাপন করেন বিইউর বোর্ড অব ট্রাস্টিজ সদস্য ও পরিবেশবিদ ইকবাল হাবিব এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আক্তার মাহমুদ। একটি গবেষণা করা হয় সম্প্রতি ডিএনসিসির উদ্যোগে পার্কিংমুক্ত করা মোহাম্মদপুর, কল্যাণপুর, গাবতলী, আমিনবাজার, মিরপুর-১২, আবদুল্লাহপুর, মহাখালী, তেজগাঁও, কারওয়ান বাজার এলাকায়। তাতে দেখা যায়, পার্কিংমুক্ত থাকায় এ এলাকাগুলো থেকে বছরে এক হাজার কোটি টাকার বেশি সাশ্রয় হবে।
অন্য গবেষণায় দেখা যায়, ঢাকার বাতাসে প্রতি ঘনমিটারে সূক্ষ্ম বস্তুকণার (পার্টিকেল ম্যাটার বা পিএম-২.৫) পরিমাণ ২০৯পিএম, যা স্বাস্থ্যের জন্য খুবই হুমকিস্বরূপ। কারণ, প্রতি ঘনমিটারে পিএমের স্বাভাবিক মাত্রা ১ থেকে ১২ পর্যন্ত। একটি শহরে শব্দের স্বাভাবিক মাত্রা থাকার কথা ৬০-৭০ ডেসিবেল।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজ চেয়ারম্যান কাজী জামিল আজহার। এ সময় স্থানীয় সাংসদ জাহাঙ্গীর কবির নানক, বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য কামরুল হাসান, ৩৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর তারেকুজ্জামান রাজীব প্রমুখ উপস্থিত ছিলেন।