নয় পৌরসভার পাঁচটিতে বিভিন্ন ভোটকেন্দ্র দখল করে ব্যালটে সিল, বিরোধী দলের মেয়র পদপ্রার্থীকে ভোট দিতে বাধা দেওয়াসহ নানা অনিয়মের অভিযোগ উঠেছে। গতকাল বুধবার অনুষ্ঠিত এই নয়টি পৌরসভার নির্বাচনে সাতটিতেই আওয়ামী লীগের মেয়র পদপ্রার্থীরা জয়ী হয়েছেন। দুটিতে জয়ী হয়েছেন আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীরা।
অনিয়মের প্রতিবাদে নোয়াখালী পৌরসভায় বিএনপির প্রার্থী নির্বাচন বর্জন করেন। আর লক্ষ্মীপুর ও ফেনীর ছাগলনাইয়ায় বিএনপির দুই প্রার্থী নতুন করে নির্বাচন অনুষ্ঠানের দাবি করেছেন। তবে নোয়াখালীর সেনবাগ ও খাগড়াছড়ির রামগড় এবং নরসিংদীর রায়পুরা ও ঘোড়াশালে শান্তিপূর্ণভাবেই ভোট হয়েছে।
অবশ্য গতকাল নির্বাচন কমিশনার মো. শাহনেওয়াজ সাংবাদিকদের বলেন, তিনটি পৌরসভায় কিছু অনিয়ম হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। কমিশন অভিযোগ খতিয়ে দেখবে। বাকি ছয়টি পৌরসভায় নির্বাচন সুষ্ঠু হয়েছে।
এর আগে গত বছরের ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত ২৩৪ পৌরসভায় আওয়ামী লীগের ১৮৪ জন ও বিএনপির ১৯ জন মেয়র নির্বাচিত হন। এরপর ২০ মার্চ অনুষ্ঠিত ১০টি পৌরসভার সব কটিতেই আওয়ামী লীগের মেয়র প্রার্থীরা বিজয়ী হন।
প্রথম আলোর ঢাকার বাইরে প্রতিনিধিদের পাঠানো খবর:
নোয়াখালী পৌরসভায় গতকাল সকালে শান্তিপূর্ণভাবেই ভোট গ্রহণ শুরু হয়। কিন্তু সকাল সাড়ে ১০টার দিকে গোপাই সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের বাইরে ককটেলের বিস্ফোরণ ঘটায় দুর্বৃত্তরা। বেলা সাড়ে ১১টার দিকে সংবাদ সম্মেলন করে নির্বাচন বর্জন করেন বিএনপির প্রার্থী ও বর্তমান মেয়র হারুনুর রশিদ। তিনি বিভিন্ন কেন্দ্রে আওয়ামী লীগের সমর্থকদের বিরুদ্ধে ভোটকেন্দ্র দখলের অভিযোগ করেন। তবে আওয়ামী লীগের মেয়র প্রার্থী শহিদ উল্যাহ খান এ অভিযোগ অস্বীকার করেন।
ফেনীর ছাগলনাইয়া পৌরসভায় নির্বাচন বাতিলের দাবি করেছেন বিএনপির মেয়র প্রার্থী মো. আলমগীর। তিনি বলেন, ‘বহিরাগত সন্ত্রাসীরা আমাকেও ভোট দিতে দেয়নি। এখানে কোনো নির্বাচনই হচ্ছে না।’
গতকাল সরেজমিনে ছাগলনাইয়া পৌর এলাকার পাঁচটি ভোটকেন্দ্রে শুধু আওয়ামী লীগের নেতা-কর্মীদের আধিপত্য দেখা যায়। মঙ্গলবার রাত থেকেই পৌর এলাকায় বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ হয়েছে। তবে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জেসমিন আক্তার নির্বাচন সুষ্ঠু হয়েছে বলে দাবি করেন।
লক্ষ্মীপুর পৌরসভায় বিএনপির মেয়র প্রার্থী রেজাউল করিম গতকাল দুপুরে সংবাদ সম্মেলন করে অভিযোগ করেন, সব কটি কেন্দ্র থেকে তাঁর নির্বাচনী এজেন্টদের বের করে দিয়েছেন আওয়ামী লীগ প্রার্থীর সমর্থকেরা। পৌর এলাকার ছয়টি ভোটকেন্দ্রে গিয়ে ভোটারদের যথেষ্ট উপস্থিতি দেখা গেলেও কোথাও বিএনপির প্রার্থীর নির্বাচনী এজেন্ট পাওয়া যায়নি।
তবে সংশ্লিষ্ট কেন্দ্রগুলোর প্রিসাইডিং কর্মকর্তারা বলেন, নাম জমা দিলেও এজেন্টরা কেউ আসেননি।
আওয়ামী লীগের মেয়র প্রার্থী আবু তাহের নির্বাচন সুষ্ঠু হয়েছে বলে দাবি করেন।
ব্রাহ্মণবাড়িয়ার কসবা পৌরসভার সরকারি বালিকা উচ্চবিদ্যালয় কেন্দ্রে আওয়ামী লীগের মেয়র প্রার্থীর সমর্থকদের প্রকাশ্যে ব্যালটে সিল দিতে দেখা যায়। সকাল আটটা থেকে বেলা আড়াইটা পর্যন্ত আটটি কেন্দ্রে ঘুরে নানা অনিয়মের অভিযোগ পাওয়া গেছে।
বিএনপির প্রার্থী মুহাম্মদ ইলিয়াছ বলেন, সকাল নয়টার মধ্যে সব কেন্দ্র দখল করে নেন আওয়ামী লীগের সমর্থকেরা।
ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার মিজানুর রহমান অবশ্য নির্বাচন শান্তিপূর্ণ হয়েছে বলে জানিয়েছেন।
কক্সবাজারের টেকনাফ পৌরসভায় আওয়ামী লীগের প্রার্থী মোহাম্মদ ইসলামের একমাত্র প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী এস এম এ ফারুক বাবুলের এজেন্ট ছিলেন না কোনো কেন্দ্রে। স্বতন্ত্র প্রার্থী নিজে ভোটও দিতে যাননি। কারণ জানতে চাইলে ফারুক বাবুলের স্ত্রী আইরিন পারভীন চৌধুরী বলেন, নির্বাচন পেছানোর জন্য ঢাকায় দৌড়াদৌড়ি করতে করতে এলাকায় এসে ভোট দিতে পারেননি।
বিজয়ী যাঁরা: নয়টি পৌরসভার মধ্যে সাতটিতে আওয়ামী লীগের প্রার্থীরা বিজয়ী হয়েছেন। তাঁরা হলেন নোয়াখালীতে শহিদ উল্যাহ খান, সেনবাগে আবু জাফর, ফেনীর ছাগলনাইয়ায় মো. মোস্তফা, লক্ষ্মীপুরে আবু তাহের, ব্রাহ্মণবাড়িয়ার কসবায় এমরান উদ্দিন ও নরসিংদীর ঘোড়াশালে শরীফুল হক। অন্য দুটিতে জয়ী হয়েছেন আওয়ামী লীগের বিদ্রোহীরা। তাঁরা হলেন নরসিংদীর রায়পুরায় জামাল মোল্লা ও খাগড়াছড়ির রামগড়ে মোহাম্মদ শাহজাহান।