নয় পৌরসভায় ভোট ২৫ মে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগামী ২৫ মে দেশের নয়টি পৌরসভায় ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। এ জন্য আজ বুধবার নির্বাচন কমিশন তফসিল ঘোষণা করেছে।

তফসিল অনুযায়ী, নির্বাচনে মেয়র ও কাউন্সিলর পদে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ সময় ২৮ এপ্রিল। মনোনয়নপত্র বাছাই হবে ২ মে এবং প্রত্যাহারের শেষ সময় ৯ মে।

যেসব পৌরসভায় নির্বাচন হবে, সেগুলো হলো নরসিংদীর ঘোড়াশাল ও রায়পুরা, লক্ষ্মীপুর, ব্রাহ্মণবাড়িয়ার কসবা, নোয়াখালীর মাইজদী (সদর) ও সেনবাগ, ফেনীর ছাগলনাইয়া, কক্সবাজারের টেকনাফ এবং খাগড়াছড়ির রামগড়। এর মধ্যে পাঁচটিতে জেলা নির্বাচন কর্মকর্তা, তিনটিতে অতিরিক্ত জেলা প্রশাসক এবং একটিতে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটকে রিটার্নিং কর্মকর্তা হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
গত বছরের ৩০ ডিসেম্বরে দেশে প্রথমবারের মতো রাজনৈতিক দলের পরিচয় ও প্রতীকে ২৩৪টি পৌরসভায় নির্বাচন অনুষ্ঠিত হয়।

এদিকে পঞ্চম ধাপে ভোট গ্রহণের জন্য আগামীকাল বৃহস্পতিবার ৭১৪টি ইউপির নির্বাচনের তফসিল ঘোষণা করতে পারে বলে কমিশন সচিবালয় থেকে জানা গেছে। এ ছাড়া আগামী শনিবার তৃতীয় ধাপে সাড়ে ছয় শর মতো ইউপিতে ভোট গ্রহণ করা হবে।