নয় বছর পর কিশোরগঞ্জ জেলা ও সদর উপজেলা ছাত্রলীগের নতুন কমিটি হয়েছে। বিবাহিত এবং কর্মজীবীদের দিয়ে কমিটি গঠনের অভিযোগ তুলে নতুন নেতৃত্বকে প্রত্যাখ্যান করেছেন ছাত্রলীগের একাংশের নেতা-কর্মীরা। একই সঙ্গে সংগঠনের গঠনতন্ত্র মেনে কমিটি করার দাবিতে আন্দোলন শুরু করেছেন তাঁরা।
আন্দোলনের অংশ হিসেবে গত রোববার বিকেলে জেলা আওয়ামী লীগের কার্যালয়ের সামনে ছাত্রলীগের ওই অংশের নেতা-কর্মীরা মানববন্ধন করেন। আগের দিন সন্ধ্যায় তাঁরা শহরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেন।
সংগঠন সূত্রে জানা গেছে, তিন সদস্যের জেলা কমিটির সভাপতি হলেন শফিকুল গণি ওরফে লিমন। আশরাফ আলীকে সাধারণ সম্পাদক ও আনোয়ার হোসেন মোল্লাকে করা হয়েছে সাংগঠনিক সম্পাদক। রিফাত উদ্দিন আহমদকে সভাপতি ও আরিফুল ইসলামকে সাধারণ সম্পাদক করে কিশোরগঞ্জ সদর উপজেলা ছাত্রলীগের কমিটি ঘোষণা করা হয়।
ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সভাপতি এইচ এম বদিউজ্জামান ও সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুল আলম গত বৃহস্পতিবার কমিটি দুটির অনুমোদন দেন। এগুলোর মেয়াদ এক বছর। তাঁরা দ্রুত সময়ের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করার নির্দেশ দিয়েছেন।
এদিকে ওই দুটি কমিটি বাতিলের দাবিতে জেলা ছাত্রলীগের ব্যানারে গত শনিবার জেলা আওয়ামী লীগের কার্যালয়ের সামনে আয়োজিত সভায় জেলা যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য খায়রুজ্জামান পুটন, ছাত্রলীগের কর্মী নূর মোহাম্মদ, এজাজ খান, তকি আমান খান প্রমুখ বক্তব্য দেন।
বক্তারা বলেন, ছাত্রলীগের গঠনতন্ত্রে বলা আছে, ২৯ বছরের বেশি বয়সী, বিবাহিত এবং কর্মজীবীদের কমিটির বাইরে রাখতে হবে। সবচেয়ে বড় কথা, ছাত্রত্ব থাকতে হবে। তৃণমূলের দাবির পরিপ্রেক্ষিতে অবশেষে কমিটি করা হলেও গঠনতন্ত্রের কোনো ধারা আমলে নেওয়া হয়নি। বিশেষ করে বিবাহিত ও পেশাজীবীদের নিয়ে কমিটি করা হয়েছে।
সভায় গুরুদয়াল সরকারি কলেজ ছাত্রলীগের জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর আলম বলেন, নবগঠিত কমিটির সভাপতি শফিকুল গণি ২০০৬ সালে বিয়ে করেছেন, সংসার করছেন। ঢাকায় একটি ব্যাংকে চাকরি করছেন। আর সাধারণ সম্পাদক কিশোরগঞ্জ পরিবহন মালিক সমিতির সদস্য। ফলে তাঁরা কোনোভাবেই কমিটিতে স্থান পাওয়ার যোগ্যতা রাখেন না।
প্রতিপক্ষের ওই নেতার মন্তব্যকে চ্যালেঞ্জ করে জেলা কমিটির সভাপতি শফিকুল গণি বলেন, ‘স্ত্রী লুকিয়ে রাখা যায় না। থাকলে সবাই দেখত। কেউ দেখেছে, এমন প্রমাণ দিতে পারবে না।’ চাকরির বিষয়ে তিনি বলেন, ‘হাইকমান্ডের নির্দেশে তা ছেড়ে দিয়েছি।’
মুঠোফোনে একাধিকবার চেষ্টা করেও সাধারণ সম্পাদক আশরাফ আলীর সঙ্গে যোগাযোগ করা যায়নি। সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন মোল্লা জানান, আশরাফের পরিবহন ব্যবসার সঙ্গে জড়িত থাকার কথা তাঁদের জানা নেই।
২০০৩ সালে সর্বশেষ কিশোরগঞ্জ জেলা ছাত্রলীগের দুই বছর মেয়াদি কমিটি হয়েছিল। ওই কমিটি ২০১১ সালের ৫ জুন ভেঙে দেওয়া হয়। এরপর কমিটি না থাকায় সাংগঠনিক কর্মকাণ্ডে স্থবিরতা দেখা দেয়।