নয় বছর পর কালাই উপজেলা আ.লীগের সম্মেলন আজ
জয়পুরহাটের কালাই উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন আজ রোববার। উপজেলা পরিষদ মিলনায়তনে আজ বেলা দুইটায় এ সম্মেলন হবে। দীর্ঘ নয় বছর পর এ সম্মেলন হতে যাচ্ছে।
জেলা আওয়ামী লীগের সভাপতি ও জয়পুরহাট-১ আসনের সাংসদ সামছুল আলমের সম্মেলন উদ্বোধনের কথা রয়েছে। এ ছাড়া প্রধান অতিথি হিসেবে আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও জয়পুরহাট-২ আসনের সাংসদ আবু সাঈদ আল মাহমুদ ও বিশেষ অতিথি হিসেবে তথ্য ও প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহ্মেদের উপস্থিত থাকার কথা।
উপজেলা আওয়ামী লীগের নেতা-কর্মী সূত্র জানায়, উপজেলা আওয়ামী লীগের সম্মেলনকে কেন্দ্র করে দুটি প্যানেল থেকে সভাপতি ও সাধারণ সম্পাদক পদে চারজন প্রতিদ্বন্দ্বিতা করছেন। এক প্যানেলে উপজেলা আওয়ামী লীগের বর্তমান সভাপতি খন্দকার হালিমুল আলম সভাপতি পদে ও বর্তমান সাধারণ সম্পাদক পৌর মেয়র তৌফিকুল ইসলাম তালুকদার সাধারণ সম্পাদক পদে প্রার্থী হয়েছেন। অপর প্যানেলে সভাপতি পদে উপজেলা পরিষদের চেয়ারম্যান মিনফুজুর রহমান ও সাধারণ সম্পাদক পদে মাত্রাই ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আ ন ম শওকত হাবিব তালুকদার প্রতিদ্বন্দ্বিতা করছেন।
সর্বশেষ ২০০৫ সালের ৯ ফেব্রুয়ারি উপজেলা আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হয়। ওই সম্মেলনে খন্দকার হালিমুল আলম সভাপতি ও তৌফিকুল ইসলাম তালুকদার সাধারণ সম্পাদক নির্বাচিত হন।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সম্মেলন প্রস্ততি কমিটির আহ্বায়ক খন্দকার হালিমুল আলম জানান, সমঝোতা না হলে কাউন্সিলরদের সরাসরি ভোটে নেতৃত্ব নির্বাচিত হবে। সম্মেলনে ১৪১ জন কাউন্সিলর ভোট দেবেন।