নয় বছর পর রাজশাহী জেলা আওয়ামী লীগের সম্মেলন হয়েছে। এতে শুধু সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচন করা হয়। তবে পূর্ণাঙ্গ কমিটি এখনো হয়নি। এর আগের কমিটি ছয় বছর পর অনুমোদন পেয়েছিল।
দলীয় সূত্র জানায়, সব উপজেলা কমিটি অনুমোদন না করেই গত ৬ ডিসেম্বর জেলা আওয়ামী লীগের সম্মেলন করা হয়। এতে সমঝোতার ভিত্তিতে আগের কমিটির সাধারণ সম্পাদক ও তানোর-গোদাগাড়ী আসনের সাংসদ ওমর ফারুক চৌধুরীকে সভাপতি এবং আগের কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক আসাদুজ্জামানকে সাধারণ সম্পাদক নির্বাচন করা হয়।
চারটি প্রথম শ্রেণির পৌরসভা ও নয়টি উপজেলা নিয়ে রাজশাহী জেলার মোট ১৩টি সাংগঠনিক ইউনিট রয়েছে। এখন পর্যন্ত মাত্র চারটি সাংগঠনিক ইউনিটের কমিটি অনুমোদিত হয়েছে। সাড়ে ছয় মাস পার হয়ে গেলেও জেলা কমিটি অনুমোদন হয়নি।
আগের কমিটির একজন নেতা নাম প্রকাশ না করার শর্তে বলেন, বিএনপি-জামায়াতের হরতালের সময় জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে রাজশাহী নগরের নানকিং দরবারে একটি সভা আহ্বান করা হয়েছিল। সভায় বিএনপি-জামায়াতের ধ্বংসাত্মক কর্মকাণ্ড মোকাবিলার জন্য উপজেলা কমিটিকে নির্দেশনা দেওয়ার কথা ছিল। কিন্তু বৈঠকে উপজেলা কমিটিগুলো অনুমোদন না হওয়ার বিষয়টি সামনে চলে আসে। প্রস্তাবিত কমিটিতে গুরুত্বপূর্ণ নেতাদের না রাখার অভিযোগ নিয়েও তর্কবিতর্ক হয়।
দলের আরেকজন নেতা বলেন, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক কার্যক্রম এখন সংবাদ বিজ্ঞপ্তি আর ফেসবুকনির্ভর হয়ে পড়েছে। নেত্রীর স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে জেলা কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে হাতে গোনা কয়েকজন নেতা উপস্থিত ছিলেন। শুধু ছবি তুলে পত্রিকায় সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে দেওয়া হয়। এমন আরও কয়েকটি অনুষ্ঠান হয়েছে, যা একেবারেই সংবাদ বিজ্ঞপ্তিনির্ভর। সেখানে দুই সদস্যের জেলা কমিটির শুধু সাধারণ সম্পাদক ছিলেন। তিনি বলেন, সম্মেলনের পরে সফল কর্মসূচি বলতে ছিল ২৩ জুন আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে একটি ইফতার মাহফিল।
এ ব্যাপারে রাজশাহীর পবা-মোহনপুর আসনের সাংসদ আয়েন উদ্দিন বলেন, পূর্ণাঙ্গ জেলা কমিটি করতে হলে সব থানা কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক, জেলা কমিটির সাবেক নেতা ও সাংসদদের সঙ্গে আলোচনা করা উচিত। এখনো তা করা হয়নি। এটা না করে যদি কমিটির নাম কেন্দ্রে জমা দেওয়া হয়, তাহলে এর পরিণতি হবে গত জেলা কমিটির মতো।
সাধারণ সম্পাদক আসাদুজ্জামান অভিযোগ করে বলেন, সাংগঠনিক ব্যাপারে সাংসদদের অসহযোগিতা রয়েছে। তাঁদের কারণেই জেলা কমিটি জমা দিতে প্রায় পাঁচ মাস দেরি হয়েছে। তিনি বলেন, সাংসদেরা সাংগঠনিক ব্যাপারে হস্তক্ষেপ করতে পারেন না। তারপরেও দলের প্রয়োজনে তিনি একসঙ্গে কাজ করার চেষ্টা করছেন। সাংসদেরা একসঙ্গে বসার সময় দিতে পারেন না। ঢাকায় একবার সুযোগ হয়েছিল। তখনই পূর্ণাঙ্গ কমিটির খসড়া হয়েছিল। সেই আলোকেই তাঁরা কমিটি জমা দিয়েছেন।
উপজেলা কমিটি অনুমোদন না হওয়ার ব্যাপারে আসাদুজ্জামান বলেন, জেলা সম্মেলনের আগেই উপজেলা কমিটি অনুমোদনের জন্য পাঠানো হয়। কিন্তু স্থানীয় নেতাদের বাদ দিয়ে কমিটি করার অভিযোগ ওঠায় পুনর্বিবেচনার জন্য ডাকা হয়েছিল। কিন্তু উপজেলা কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকেরা উপস্থিত হননি। ফলে কমিটিগুলো ওইভাবেই রয়ে গেছে।
আসাদুজ্জামান স্বীকার করেন, পূর্ণাঙ্গ কমিটি না হওয়ায় সাংগঠনিক কর্মকাণ্ড যেভাবে চালানো উচিত, তা পারা যাচ্ছে না।