দীর্ঘ নয় বছর পর গতকাল শনিবার ঝালকাঠি জেলা আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনের কাউন্সিল অধিবেশন শেষে সরদার মো. শাহ-আলমকে সভাপতি, খান সাইফুল্লাহ ওরফে পনিরকে সাধারণ সম্পাদক করে ৭১ সদস্যের কমিটি ঘোষণা করা হয়।
বেলা ১১টায় ঝালকাঠি শহরের পুরোনো স্টেডিয়ামে জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন ও কাউন্সিলে প্রধান অতিথি ছিলেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু। সম্মেলনের উদ্বোধন করেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।
শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বলেন, ‘শেখ হাসিনার যোগ্য নেতৃত্বে মিয়ানমারের সঙ্গে যুদ্ধ করে আমরা সমুদ্র জয় করেছি। এ দেশের যা কিছু অর্জন, তা শেখ হাসিনার সময়ে অর্জিত হয়েছে। শেখ হাসিনার সাফল্যকে ম্লান করার জন্য খালেদা জিয়া দেশে-বিদেশে অপপ্রচার চালাচ্ছেন। এর অংশ হিসেবে তিনি (খালেদা জিয়া) এখন বলছেন, এ দেশের মুক্তিযুদ্ধে ৩০ লাখ মানুষ শহীদ হয়নি। শহীদদের তালিকা নিয়ে বিতর্ক আছে। আসলে খালেদা জিয়া পাকিস্তান যা বলতে চায়, তা-ই বলেন।’ শিল্পমন্ত্রী আরও বলেন, খালেদা জিয়া মুখে যতই গণতন্ত্রের কথা বলেন না কেন, আসলে তিনি গণতন্ত্রে বিশ্বাসী নন, তিনি পাকিস্তানতন্ত্রে বিশ্বাসী।
তোফায়েল আহমেদ বলেন, ৫ জানুয়ারির নির্বাচন যদি না হতো, তাহলে দেশে সাংবিধানিক শূন্যতা দেখা দিত। আর এ সুযোগে অপশক্তি ক্ষমতায় আসত। এতে দেশের অমঙ্গল হতো। বিএনপি দেশের উন্নয়ন বাধাগ্রস্ত করার জন্যই ষড়যন্ত্রে নেমেছিল। তবে ষড়যন্ত্র সফল হয়নি। বরং শূন্য হাতে খালেদা জিয়া ঘরে ফিরে গেছেন।
তোফায়েল আহমেদ বলেন, বিজয়ের মাসে খালেদা জিয়া শহীদদের সংখ্যা নিয়ে বিরূপ মন্তব্য করেছেন। পাকিস্তান এখনো স্বীকার করে না যে বাংলাদেশে কোনো শহীদ হয়েছে বা খুন হয়েছে। খালেদা জিয়াও এখন পাকিস্তানের সঙ্গে কণ্ঠ মিলিয়েছেন।
সম্মেলনে অন্যদের মধ্যে বক্তব্য দেন আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সাংসদ আ ফ ম বাহাউদ্দিন নাসিম, তথ্য ও গবেষণা সম্পাদক আফজাল হোসেন, সাংসদ ধীরেন্দ্র দেবনাথ শম্ভু, বরিশাল সদর আসনের সাংসদ জেবুন্নেছা আফরোজ ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খান সাইফুল্লাহ।