জয়পুরহাট সদর উপজেলার নয়টি ইউনিয়ন পরিষদের (ইউপি) মধ্যে ধলাহার ও দোগাছিতে আওয়ামী লীগের একক প্রার্থীদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। ফলে তাঁরা বিনা প্রতিদ্বন্দ্বিতায়ই নির্বাচিত হতে চলেছেন।
আমদই ইউনিয়নে বিএনপি ও স্বতন্ত্র তিন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল হওয়ায় আওয়ামী লীগের প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতাই চেয়ারম্যান নির্বাচিত হতে চলেছেন। চকবরকত ইউনিয়নে বিএনপির প্রার্থীর মনোনয়নপত্র বাতিল হয়েছে। ফলে নয়টি ইউনিয়নের মধ্যে ছয়টিতেই বিএনপির কোনো প্রার্থী থাকল না।
জয়পুরহাট রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, ধলাহার ও দোগাছি ইউনিয়নে মো. ফয়েজ উদ্দিন আহম্মেদ ও জহুরুল ইসলাম বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। গতকাল রোববার যাচাই-বাছাই শেষে আমদই ইউনিয়নের বিএনপির প্রার্থী গোলাম রব্বানী, স্বতন্ত্র প্রার্থী শাহ আলম দেওয়ান ও জাফর ইকবাল নাসিরের মনোনয়নপত্র বাতিল হওয়ায় আওয়ামী লীগের প্রার্থী শাহানুর আলম বিনা প্রতিদ্বন্দ্বিতায়ই নির্বাচিত হতে চলেছেন।
চক বরকত ইউনিয়নে বিএনপির প্রার্থী আনোয়ার হোসেনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। ওই ইউনিয়নে আওয়ামী লীগের প্রার্থী শাহজাহান আলী, স্বতন্ত্র প্রার্থী মুকুল সরকার ও মামুনুর রশিদের মনোনয়নপত্র বৈধ হওয়ায় তাঁরা প্রতিদ্বন্দ্বিতায়ই থাকলেন।
আনোয়ার হোসেনের অভিযোগ, গত শনিবার রিটার্নিং কর্মকর্তা উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা রুস্তম আলী যাচাই-বাছাই শেষে তাঁর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেন। এরপর তিনি বাড়ি চলে আসেন। পরদিন মুঠোফোনে ওই কর্মকর্তা তাঁকে জানিয়েছেন, ‘আপনার প্রস্তাবকারী জামাল উদ্দিন মনোনয়নপত্রে স্বাক্ষর করেননি মর্মে দরখাস্ত দেওয়ায় আপনার মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।’
রুস্তম আলী বলেন, প্রস্তাবকারী জামাল উদ্দিন আনোয়ার হোসেনের মনোনয়নপত্রে স্বাক্ষর করেননি, শনিবার বিকেল পাঁচটার আগে এমন অভিযোগ পেয়ে তাঁর মনোনয়নপত্র বাতিল করেছেন। আনোয়ার হোসেন আরও অভিযোগ করেন, তাঁর চাচা জামালউদ্দিন এ রকম কোনো দরখাস্ত করেননি।
আমদই ইউনিয়নের বিএনপির দলীয় প্রার্থী গোলাম রব্বানী মুঠোফোনে তাঁর মনোনয়নপত্র বাতিল হওয়া প্রসঙ্গে কোনো মন্তব্য করতে রাজি হননি।