নয়া পল্টনে মিছিল থেকে ১৪ জনকে আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার গাড়িবহরে হামলার প্রতিবাদে নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ করার সময় দলটির ১৪ জন কর্মীকে পুলিশ আটক করেছ।

বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আজ মঙ্গলবার সন্ধ্যায় দলীয় কার্যালয়ে সাংবাদিকদের কাছে এই অভিযোগ করেন।

খালেদা জিয়ার গাড়িবহরে আজ ‘আওয়ামী সন্ত্রাসী’দের হামলার প্রতিবাদে তাৎক্ষণিকভাবে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সামনে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর নেতৃত্বে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা–কর্মীরা এক প্রতিবাদ মিছিল বের করেন। সেখান থেকে জাতীয়তাবাদী শ্রমিক দলের যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাফিজুল করিম মজুমদার, ছাত্রদল কেন্দ্রীয় নেতা ফরহাদ, শেরেবাংলা নগর থানা ছাত্রদলের নেতা অয়ন, ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের নেতা মিজান, মতিঝিল শ্রমিক দলের নেতা দেলোয়ার হোসেন, স্বেচ্ছাসেবক দলের নেতা তাহমিদ, হুমায়ুন কবির, আবদুল আল নুর, আজাদসহ ১৪ জন নেতা–কর্মীকে গ্রেপ্তার করা হয়। 

পল্টন থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা টেলিফোনে বলেন, বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টার অভিযোগে নয়া পল্টন এলাকা থেকে কয়েকজনকে আটক করা হয়েছে।

এদিকে খালেদা জিয়ার গাড়িবহরে ঢাকার দিকে আসার পথে ফেনীর মহিপালে সন্ত্রাসীদের হামলার প্রতিবাদে স্বেচ্ছাসেবক দল আগামীকাল বুধবার ঢাকা মহানগরসহ সারা দেশে সব জেলা ও মহানগরে বিক্ষোভ মিছিল করবে। সংগঠনের সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।

বগুড়ায় মিছিলে লাঠিপেটা, আটক ২
আমাদের বগুড়া প্রতিনিধি জানান, বগুড়ায় যুবদল-ছাত্রদল বিক্ষোভ মিছিল বের করার চেষ্টা করলে পুলিশ লাঠিপেটা করে ছত্রভঙ্গ করে দিয়েছে। পুলিশের লাঠিপেটায় আহত হয়েছেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন। আটক করা হয়েছে বগুড়া জেলা ছাত্রদলের সহসভাপতি হারুনুর রশীদ ওরফে সুজন ও কর্মী সোহাগকে। আজ সন্ধ্যা সাড়ে সাতটার দিকে বগুড়া শহরের নওয়াববাড়ি সড়কের ফতেহ আলী বাজার মোড়ে এ ঘটনা ঘটে।
বগুড়া সদর থানার পরিদর্শক (তদন্ত) আছলাম আলী প্রথম আলোকে বলেন, যুবদল-ছাত্রদলের নেতা-কর্মীরা মিছিল বের করার চেষ্টা করলে ধাওয়া দিয়ে তা ভন্ডুল করে দেওয়া হয়েছে। আটক করা হয়েছে দুজনকে।