পঁচাত্তর ও হলি আর্টিজানের ঘাতক একই শক্তি: মতিয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১৯৭৫ সালের শোকাবহ ১৫ আগস্টের ঘাতক ও গুলশানের আর্টিজান রেস্তোরাঁর জঙ্গিরা একই ঘাতকশক্তি বলে মন্তব্য করেছেন কৃষিমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মতিয়া চৌধুরী। গতকাল মঙ্গলবার রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউতে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বঙ্গবন্ধুর সহধর্মিণী বেগম ফজিলাতুন্নেছা মুজিবের জন্মবার্ষিকী উপলক্ষে মহিলা আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
মতিয়া চৌধুরী বলেন, ফজিলাতুন্নেছা মুজিব ছিলেন বঙ্গবন্ধুর একই সঙ্গে সখী, একই সঙ্গে সঙ্গিনী। অসাধারণ এই গুণসম্পন্ন নারীকেও পঁচাত্তরের ঘাতকেরা হত্যা করে। শুধু তাঁকেই নন, এই ঘাতকেরা শেখ মণির অন্তঃসত্ত্বা স্ত্রী আরজু মণিকেও হত্যা করেছিল। তিনি বলেন, জঙ্গিরা সম্প্রতি হোটেল আর্টিজানে হামলা চালিয়েও একজন জাপানি অন্তঃসত্ত্বা নারীকে হত্যা করেছে। ওই পঁচাত্তরের ঘাতক আর হোটেল আর্টিজানের জঙ্গিরা একই শক্তি। এরা একই ঘাতকশক্তি।
মহিলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি সাফিয়া খাতুনের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য সাহারা খাতুন, দলের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, মহিলাবিষয়ক সম্পাদক ফজিলাতুন্নেসা ইন্দিরা প্রমুখ।