পকেট কমিটি গঠনের অভিযোগ, অসন্তোষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পিরোজপুরের কাউখালীতে উপজেলা ও কলেজ ছাত্রদলের কমিটি গঠন নিয়ে নেতা-কর্মীদের মধ্যে অসন্তোষ দেখা দিয়েছে। কমিটিতে নিষ্ক্রিয়দের গুরুত্বপূর্ণ পদ দিয়ে দলের ত্যাগী ও সক্রিয় নেতা-কর্মীদের বঞ্চিত করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। ওই কমিটিকে ‘পকেট কমিটি’ আখ্যা দিয়ে তা বাতিল করে নতুন কমিটি গঠনের দাবি জানিয়েছেন সংগঠনটির অনেক নেতা-কর্মী।
দলীয় সূত্রে জানা গেছে, গত ২৪ আগস্ট সিরাজুল ইসলামকে আহ্বায়ক, লিয়াকত হোসেন তালুকদার, শরিফুল আজম ও রফিকুল ইসলামকে যুগ্ম আহ্বায়ক করে ২১ সদস্যবিশিষ্ট উপজেলা ছাত্রদলের কমিটি এবং মানিক হাসানকে সভাপতি, নাঈম হাসানকে সাধারণ সম্পাদক ও লাফিতুর রহমানকে সাংগঠনিক সম্পাদক করে ১৪ সদস্যবিশিষ্ট কাউখালী কলেজ শাখা ছাত্রদলের কমিটি গঠন করে জেলা কমিটি। ওই কমিটির অনুমোদন করেন জেলা ছাত্রদলের আহ্বায়ক শহিদুল ইসলাম ও জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আসাদুজ্জামান।
কাউখালী সরকারি কে জি ইউনিয়ন উচ্চবিদ্যালয় শাখা ছাত্রদলের সাবেক সভাপতি মীর ফয়সাল ইমতিয়াজ বলেন, ‘দলীয় কর্মসূচি পালনসহ আন্দোলন-সংগ্রামে আমি মাঠে ছিলাম। কলেজ কমিটিতে আমাকে রাখা হয়নি। উপজেলা কমিটির আহ্বায়ক ঢাকায় থাকেন ও কলেজ কমিটির সভাপতির বাড়ি পার্শ্ববর্তী ঝালকাঠি জেলায়। তাঁদের কখনো দলীয় কর্মসূচিতে অংশ নিতে দেখা যায়নি।’
উপজেলা ও কলেজ শাখা ছাত্রদলের অন্তত ১৫ জন নেতা-কর্মী বলেন, জেলা কমিটি স্থানীয় নেতা-কর্মীদের মতামত না নিয়ে দুজন নিষ্ক্রিয় ব্যক্তিকে উপজেলা কমিটির আহ্বায়ক ও কলেজ কমিটির সভাপতি করে পকেট কমিটি গঠন করেছে। উপজেলা কমিটির আহ্বায়ক সিরাজুলের বয়স ৩৮। তিনি ১০ বছর ধরে ঢাকায় হোটেল ব্যবসা করেন। উপজেলা কমিটির সদস্য নাসির উদ্দিন দুবাই থাকেন। ওই কমিটির আরও দুই সদস্য আশরাফুল ইসলাম ও রাশেদুল ইসলাম দীর্ঘদিন ধরে ঢাকায় থাকেন। দলীয় কর্মসূচি ও আন্দোলনে তাঁদের কখনো পাওয়া যায়নি। এ ছাড়া মানিক হাসানের বাড়ি ঝালকাঠির রাজাপুরে। দলীয় কর্মসূচিতে তাঁকেও তেমন পাওয়া যায় না। তিনি কলেজে নিয়মিত আসেন না।
উপজেলা ছাত্রদলের সদস্য জাহিদুর রহমান ও মাওলাদ হোসেন বলেন, ‘দলীয় কর্মসূচি ও সরকারবিরোধী আন্দোলনে আমরা সব সময় মাঠে ছিলাম। কিন্তু আমাদের গুরুত্বপূর্ণ পদ দেওয়া হয়নি। বর্তমান কমিটির ২১ সদস্যের মধ্যে ১৭ জন সদস্য জেলা কমিটির মনোনীত আহ্বায়ককে সমর্থন করেননি।’ কাউখালী কলেজ শাখা ছাত্রদলের সহসভাপতি জয়দেব রায় ও সাংগঠনিক সম্পাদক লাফিতুর রহমান বলেন, কলেজ কমিটির ১৪ সদস্যের মধ্যে ১০ জন শিগগিরই সভাপতির বিরুদ্ধে অনাস্থার কথা জেলা কমিটিকে জানাবেন।
মানিক হাসান অভিযোগ অস্বীকার করে বলেন, ‘আমার দাদার বাড়ি রাজাপুরে। আমার বাসা কলেজের পেছনে।’ উপজেলা কমিটির আহ্বায়ক সিরাজুল বলেন, ‘দলের নেতারা সব জানেন। তাঁরা জেনেশুনে আমাকে এ পদ দিয়েছেন।’
বিএনপির উপজেলা শাখার আহ্বায়ক এস এম আহসান কবির বলেন, ছাত্রদলের কমিটি নিয়ে নেতা-কর্মীদের মধ্যে ক্ষোভ রয়েছে। তাঁদের মতামত না নিয়ে নিষ্ক্রিয়দের গুরুত্বপূর্ণ পদ দেওয়ায় এ ক্ষোভের সৃষ্টি হয়েছে।
জানতে চাইলে জেলা ছাত্রদলের আহ্বায়ক শহিদুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘আমার জানামতে তাঁরা (সিরাজুল ও মানিক) মাঠে থাকেন।’