পচা গম আওয়ামী লীগের লোকদের খাওয়ানো হোক: খালেদা জিয়া
ব্রাজিল থেকে পচা গম আমদানির কড়া সমালোচনা করেছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। তিনি বলেন, ‘আমি বলতে চাই, এসব পচা গম আওয়ামী লীগের লোকজনকে খাওয়ানো হোক। তারা দেশের টাকা খেয়ে খেয়ে মোটা হয়েছে। পচা গম খেয়ে আরও মোটা হবে।’
গতকাল শনিবার পবিত্র রমজানের নবম দিনে বসুন্ধরা কনভেনশন সেন্টারে ২০-দলীয় জোটের শরিক জাতীয় পার্টির (জাফর) ইফতারে অংশ নিয়ে খালেদা জিয়া এসব কথা বলেন। তিনি বলেন, এই সরকারের দুর্নীতির সীমা নেই। লাভের আশায় তারা বিদেশ থেকে পচা গম আমদানি করেছে। সেই গম সেনাবাহিনীকে দিতে চেয়েছিল, তারা প্রত্যাখ্যান করেছে। পুলিশকে দিতে চেয়েছিল, তারাও প্রত্যাখ্যান করেছে। এখন এই গম জনগণকে খাওয়াতে চেষ্টা করবে তারা।
বিএনপির চেয়ারপারসন সরকারকে উদ্দেশ্য করে বলেন, তারা জনগণের ভোটে নির্বাচিত হয়নি। তাই জনগণের প্রতি তাদের কোনো দায়বদ্ধতা নেই। তারা কেবল দুর্নীতি করে টাকা বানাচ্ছে। সুইস ব্যাংকে তাদের নামে হাজার হাজার কোটি টাকা জমা হচ্ছে। এই অবস্থা আর চলতে দেওয়া যায় না। তিনি ‘দেশ ও মানুষ রক্ষায়’ সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।
খালেদা জিয়া প্রধানমন্ত্রীর প্রতি ইঙ্গিত করে বলেন, ‘আমরা সবাই এই দেশের মানুষ। মানুষের জন্য রাজনীতি করি। কে ছোট কে বড়, সে হিসাবের সময় নেই। আসুন সবাই একসঙ্গে বসি, ঐক্যবদ্ধ হই। এই লেডি হিটলারের হাত থেকে দেশটাকে বাঁচাই।’
রাজনীতিক, সাংবাদিক, বুদ্ধিজীবীসহ বিশিষ্ট ব্যক্তিদের সম্মানে এ ইফতারের আয়োজন করে জাতীয় পার্টি। দলের চেয়ারম্যান কাজী জাফর আহমদের সভাপতিত্বে ইফতারে বিভিন্ন রাজনৈতিক দলের নেতা অংশ নেন। তাঁদের মধ্যে রয়েছেন বিকল্পধারা বাংলাদেশের সভাপতি এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী, কল্যাণ পার্টির সৈয়দ মুহম্মদ ইবরাহিম, ইসলামী ঐক্যজোটের আবদুল লতিফ নেজামী, জামায়াতের রেদওয়ান উল্লাহ শাহেদী, জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) আ স ম আবদুর রব, জাগপার শফিউল আলম প্রধান, এনডিপির খোন্দকার গোলাম মোর্তুজা, বাংলাদেশ ন্যাপের জেবেল রহমান গাণি প্রমুখ। এ ছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মাহবুব উল্লাহ, গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা জাফরুল্লাহ চৌধুরী, সাংবাদিক মাহফুজ উল্লাহ প্রমুখ অংশ নেন।