পছন্দের প্রার্থীদের জেতাতে আসলামুলের নানা কৌশল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আসলামুল হক
আসলামুল হক

আওয়ামী লীগের সাংসদ আসলামুল হক ঢাকা উত্তরের তিন ওয়ার্ডে নিজের পছন্দের প্রার্থীদের জেতাতে অন্য প্রার্থীদের হুমকি, অর্থের প্রলোভন, জোর করে নির্বাচন থেকে সরে দাঁড়াতে বাধ্য করছেন বলে অভিযোগ উঠেছে।
১১ নম্বর ওয়ার্ডের স্বতন্ত্র প্রার্থী দেওয়ান আবদুল মান্নান অভিযোগ করেন, আসলামুল হক নির্বাচন থেকে সরে দাঁড়াতে তাঁকে কোটি টাকার কাজ দেওয়ার প্রস্তাব দিয়েছেন।
ঢাকা উত্তর সিটি করপোরেশনের ১০, ১১ ও ১২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থীদের মধ্যে আসলামুল হক যাঁদের জন্য গণসংযোগ করছেন, তাঁদের দুজন আওয়ামী লীগ-সমর্থিত আর একজন আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী। তাঁরা হলেন ১০ নম্বর ওয়ার্ডে আবু তাহের ও ১১ নম্বর ওয়ার্ডে গাজী অলিয়ার রহমান এবং ১২ নম্বর ওয়ার্ডে বিদ্রোহী প্রার্থী ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন।
১১ নম্বর ওয়ার্ডের স্বতন্ত্র প্রার্থী দেওয়ান আবদুল মান্নান আওয়ামী লীগ ও এর সহযোগী কোনো সংগঠনের পদধারী নন। তবে এলাকায় তিনি আওয়ামী লীগের সমর্থক হিসেবে পরিচিত। কাউন্সিলর নির্বাচনে দলের সমর্থন আশা করেছিলেন। দলীয় সমর্থন না পাওয়ায় স্বতন্ত্র প্রার্থী হিসেবে ‘মিষ্টি কুমড়া’ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
দেওয়ান আবদুল মান্নান গতকাল সোমবার প্রথম আলোকে জানান, চার দিন আগে আসলামুল হকের সঙ্গে তাঁর মুঠোফোনে কথা হয়। আসলামুল হক তাঁকে বলেন, ‘আপনি তো আমার কথা শুনলেন না। এখন দেখেন দেলোয়ার মিয়া (ওয়ার্ডের আরেক প্রার্থী দেলোয়ার হোসেন) বইসা যাইতেছে। কল্যাণপুর মিটিংয়ে আসেন। বাবুলের পক্ষে থাকেন। আমি আপনাকে কোটি টাকার কাজ দেব, স্কুলের চেয়ারম্যান বানাব।’
এ অভিযোগের বিষয়ে গতকাল মুঠোফোনে যোগাযোগ করা হলে আসলামুল হক দাবি করেন, ‘সাত দিন ধরে তাঁর সঙ্গে আমার দেখা নাই। সে প্রার্থী হোক। বাড়ি বাড়ি গিয়ে ভোট চাক। সে যদি নির্বাচিত হয়, তাহলে তো আমার কিছু না। তাঁর সঙ্গে এ বিষয়ে আমার কোনো কথা হয়নি। এ ধরনের কাজ আমার না।’
১১ নম্বর ওয়ার্ডে আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থী গাজী অলিয়ার রহমান বর্তমানে স্থানীয় মডেল একাডেমি উচ্চবিদ্যালয়ের চেয়ারম্যান। এ স্কুলের একাধিক শিক্ষার্থীর অভিভাবক নাম না প্রকাশের শর্তে জানান, শিক্ষকেরা শ্রেণিকক্ষে শিক্ষার্থীদের বলছেন, অভিভাবকেরা যেন অলিয়ার রহমানকে ভোট দেন। পয়লা বৈশাখে শিক্ষার্থীদের অলিয়ার রহমানের প্রতীকসংবলিত টুপি, লিফলেট দেওয়া হয়েছে।
এ বিষয়ে ওই স্কুলের প্রধান শিক্ষক শুভাশীষ বিশ্বাসের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘প্রার্থীদের একজন স্কুলের বর্তমান চেয়ারম্যান, আরেকজন সাবেক ভাইস চেয়ারম্যান। আমরা যে পজিশনে আছি, শাঁখের করাত। সামাজিক প্রতিষ্ঠান হিসেবে অনেকে আসেন, আমি মানা তো করতে পারি না।’
বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক শিরিন রুখসানা ১২ নম্বর ওয়ার্ড থেকে আওয়ামী লীগের সমর্থন পেয়েছেন। কিন্তু আওয়ামী লীগের লোকজন দলের নির্দেশ অমান্য করে বিদ্রোহী প্রার্থী ইকবাল হোসেনের পক্ষে কাজ করছেন। স্থানীয় সাংসদ আসলামুল হক স্নেহভাজন ইকবাল হোসেন তিতুর পক্ষে মাঠে নেমেছেন বলে অভিযোগ উঠেছে।
শিরিন রুখসানা অভিযোগ করেন, ‘আসলামুল হক ইকবাল হোসেনের পক্ষে ভোট চাইছেন। যাঁরা আমার কাজ করছেন, তাঁদেরও তিনি হুমকি-ধমকি দিচ্ছেন।’
আসলামুল হক বলেন, ‘আমি শিরিন রুখসানার সঙ্গে আছি। সবার জন্যই ভোট চাইছি।’
১০ নম্বর ওয়ার্ডে প্রতীক বরাদ্দ পেলেও দুজন প্রার্থী নির্বাচনী গণসংযোগ করছেন না। নাম না প্রকাশের শর্তে তাঁদের একজন বলেন, ‘এমপি সাহেবে তাঁকে সাপোর্ট দিছে। আমাদের একজনকে জোর করে আবু তাহেরের প্রতীক লাটিম হাতে নিয়ে এলাকায় মিছিল করতে হয়েছে।’
এ বিষয়ে জানতে চাইলে আসলামুল হক একাধিকবার বলেন, ‘কাকে বসিয়ে দিয়েছি, তাঁদের নাম বলেন।’ নাম বলা না হলে তিনি জবাব দেন, ‘জনগণ যাঁদের নির্বাচিত করবে, আমি তাঁদের পক্ষে। সবার জন্য ভোট চাইছি।’
এসব অভিযোগের বিষয়ে ঢাকা উত্তরের রিটার্নিং কর্মকর্তা শাহ আলম বলেন, ‘আমাদের কাছে তো কোনো অভিযোগ আসে নাই। আমি খোঁজ নিয়ে দেখতেছি। ম্যাজিস্ট্রেটকে বলতেছি এলাকায় যেতে।’
নির্বাচন কমিশনে কেন অভিযোগ করেননি, জানতে চাইলে ১১ নম্বর ওয়ার্ডের প্রার্থী দেওয়ান আবদুল মান্নান বলেন, ‘পানিতে বাস করে কুমিরের সঙ্গে যুদ্ধ করা আমার জন্য কঠিন। একজন সাংসদ যদি এভাবে কাজ করেন তাহলে কীভাবে হয়। আমাদের নীরবে-নিভৃতে কাজ করতে হচ্ছে। আমরা লেভেল প্লেয়িং ফিল্ড চাই।’