পঞ্চগড় সদর আ.লীগের কার্যক্রম স্থগিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পঞ্চগড় সদর উপজেলা আওয়ামী লীগের পাল্টাপাল্টি দুটি কমিটির কার্যক্রম স্থগিত করা হয়েছে। গত মঙ্গলবার রাতে জেলা আওয়ামী লীগের এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
দলীয় সূত্র জানায়, শহরের চৌরঙ্গী মোড়ে জেলা আওয়ামী লীগের কার্যালয়ে ওই সভায় বিভিন্ন উপজেলা ও পৌরসভা কমিটি অনুমোদন নিয়ে আলোচনা হয়। জেলা আওয়ামী লীগের সভাপতি নুরুল ইসলাম সভায় সভাপতিত্ব করেন এবং সাধারণ সম্পাদক আনোয়ার সাদাত সভা পরিচালনা করেন। এ সময় জেলা আওয়ামী লীগের সভাপতির উপস্থিতিতে অনুষ্ঠিত সম্মেলনে গঠিত উপজেলা আওয়ামী লীগের একটি কমিটিকে অনুমোদন দিতে সংখ্যাগরিষ্ঠ মতামত আসে। তবে কয়েকজন তৎকালীন সাধারণ সম্পাদকের উপস্থিতিতে গঠিত কমিটিকে অনুমোদন দিতে মতামত দেন। পরে জেলা আওয়ামী লীগের সভাপতি সাংসদ নুরুল ইসলাম বর্তমান সাধারণ সম্পাদক আনোয়ার সাদাতের নেতৃত্বে ৫ সদস্যের কমিটির প্রতিবেদন প্রাপ্তি সাপেক্ষে পরবর্তী সিদ্ধান্ত না নেওয়া পর্যন্ত দুই কমিটিরই কার্যক্রম স্থগিত ঘোষণা করেন। একই সঙ্গে শর্তসাপেক্ষে পঞ্চগড় পৌরসভা, আটোয়ারী ও তেঁতুলিয়া উপজেলা আওয়ামী লীগের কমিটি অনুমোদন দেওয়ার সিদ্ধান্ত হয়। তবে আপত্তি না আসায় দেবীগঞ্জ ও বোদা উপজেলা কমিটির অনুমোদন দেওয়া হয়।
২০১২ সালের ২৪ ডিসেম্বর সদর উপজেলা আওয়ামী লীগের পাল্টাপাল্টি দুটি সম্মেলন হয়। এর একটিতে জেলা আওয়ামী লীগের তৎকালীন ও বর্তমান সভাপতি নুরুল ইসলাম এবং অন্যটিতে তৎকালীন সাধারণ সম্পাদক ও বর্তমান জ্যেষ্ঠ সহসভাপতি মজাহারুল হক প্রধানসহ উভয় পক্ষের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।