পঞ্চগড়ে আ.লীগের তিন বিদ্রোহী, গাইবান্ধায় ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পঞ্চগড় ও গাইবান্ধা জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদের জন্য ১৩ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন। উভয় জেলাতেই আওয়ামী লীগের একাধিক নেতা প্রার্থী হয়েছেন। দুই জেলায় সাধারণ সদস্য ও সংরক্ষিত নারী সদস্য পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন আরও ১৮৭ জন।
গত ২১ নভেম্বর থেকে জেলা পরিষদ নির্বাচনের মনোনয়নপত্র বিক্রি শুরু হয়। গতকাল বৃহস্পতিবার ছিল মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন। প্রার্থীরা গতকাল সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে মনোনয়নপত্র জমা দেন। ২৮ ডিসেম্বর নির্বাচন অনুষ্ঠিত হবে।
পঞ্চগড় জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় সূত্র জানায়, আওয়ামী লীগের মনোনীত প্রার্থী আবু বকর ছিদ্দিক ছাড়াও জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মির্জা সারওয়ার হোসেন, সদর উপজেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহসভাপতি মো. আমানুল্লাহ ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আরিফুল ইসলাম মনোনয়নপত্র দাখিল করেছেন। এ ছাড়া জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ-একাংশ) কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অধ্যাপক এমরান আল আমিন, জাতীয় পার্টির (মঞ্জু) মনোনীত প্রার্থী মো. আশরাফুল ইসলাম, এ এইচ এম ফজলুল হক হাসনাত এবং স্বতন্ত্র প্রার্থী হিসেবে দেলদার হোসেন মনোনয়নপত্র দাখিল করেছেন।
সংরক্ষিত নারী সদস্য পদে ১৮ জন, সাধারণ সদস্য পদে ৭৫ জনসহ মোট ৯৩ জন মনোনয়নপত্র জমা দেন।
গাইবান্ধা জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় সূত্র জানায়, চেয়ারম্যান পদে জেলা আওয়ামী লীগের সভাপতি সৈয়দ শামস-উল-আলম দলীয় প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেন। এ ছাড়া জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোজাম্মেল হক মণ্ডল, জাসদের খাদেমুল ইসলাম এবং স্বতন্ত্র প্রার্থী হিসেবে আতাউর রহমান সরকার ও আমিনুল ইসলাম মনোনয়নপত্র জমা দিয়েছেন। সাধারণ সদস্য পদে ৭৫ জন, সংরক্ষিত নারী সদস্য পদে ১৯ জনসহ মোট ৯৪ জন মনোনয়নপত্র জমা দেন।
বাড়তি মূল্যে ভোটার তালিকা বিক্রি: গাইবান্ধায় চেয়ারম্যান পদপ্রার্থীদের কাছ থেকে ভোটার তালিকা বিক্রির ক্ষেত্রে বাড়তি অর্থ আদায়ের অভিযোগ উঠেছে। জাসদের প্রার্থী খাদেমুল ইসলাম বলেন, জেলার ১ হাজার ১১৮ জন ভোটার তাঁদের ভোট দেবেন। তাঁরা সমস্যংখ্যক ভোটারের তালিকা কিনতে চান। কিন্তু গোটা জেলার ১৭ লাখ ভোটারের তালিকা বাধ্যতামূলকভাবে কিনতে হচ্ছে। তা কিনতে ৫৪ হাজার ৫০০ টাকা নেওয়া হচ্ছে।
এ প্রসঙ্গে জেলা নির্বাচন কর্মকর্তা শাহীনুর রহমান প্রামাণিক বলেন, সরকারি সিদ্ধান্তে এই টাকা নেওয়া হচ্ছে। পুরো টাকা সরকারি খাতে জমা হবে। তবে প্রার্থীদের অভিযোগের বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।