সংবিধানের পঞ্চদশ সংশোধনী একদলীয় শাসন কায়েমের লক্ষ্যে উচ্চ পর্যায়ের ষড়যন্ত্রের ‘উলঙ্গ রূপ’ ছিল বলে দাবি করেছে বিএনপি। গতকাল বৃহস্পতিবার সকালে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ দাবি করেন।
রিজভী বলেন, সংবিধানের পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে একদলীয় বাকশাল শাসনের দিকে যেতে সাহায্য করেছিলেন তৎকালীন প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হক। এটি ছিল একদলীয় শাসন কায়েমের লক্ষ্যে উচ্চ পর্যায়ের ষড়যন্ত্রের উলঙ্গ রূপ। বিষয়টি গত পরশু জনগণের কাছে স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন বর্তমান প্রধান বিচারপতি এস কে সিনহা। প্রধানমন্ত্রী মনে করেছিলেন, খায়রুল হকের অপকীর্তির বিষয়ে কেউ কথা বলতে সাহস করবেন না।
বিএনপির এই যুগ্ম মহাসচিব দাবি করেন, ‘খায়রুল হক চিকিৎসার জন্য প্রধানমন্ত্রীর কাছ থেকে ১০ লাখ টাকা নিয়েছিলেন এবং আইন কমিশনের চেয়ারম্যান পদে চাকরির জন্য অবসরের পর রায় লিখেছেন ও তাতে সই করেছেন।’