পঞ্চদশ সংশোধনী বাকশালের প্রেতাত্মা: খালেদা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া বলেছেন, সংবিধানের পঞ্চদশ সংশোধনী হচ্ছে মৃত বাকশালের প্রেতাত্মা। এই সংশোধনীতে প্রধানমন্ত্রীকে একচেটিয়া ÿক্ষমতা দিয়ে মূলত গণতন্ত্রকে কবর দিয়ে তার ওপর একক কর্তৃত্ববাদী নির্দয় শাসনের ইমারত নির্মাণ করা হয়েছে।

গতকাল রোববার ‘গণতন্ত্র হত্যা দিবস’ উপলক্ষে গণমাধ্যমে দেওয়া এক বাণীতে খালেদা জিয়া এসব কথা বলেন। পঁচাত্তরের ২৫ জানুয়ারি বাকশাল গঠনের দিনকে গণতন্ত্র হত্যা দিবস হিসেবে পালন করে বিএনপিনসহ কিছু রাজনৈতিক দল।

এ উপলক্ষে গণমাধ্যমে পাঠানো বাণীতে খালেদা জিয়া বলেন, ১৯৭৫ সালের ২৫ জানুয়ারি তৎকালীন আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকার চিরস্থায়ী বন্দোবস্ত করার লক্ষ্যে বহুদলীয় গণতন্ত্রকে গলা টিপে হত্যা করে একদলীয় সরকারব্যবস্থা বাকশাল কায়েম করে। এই ব্যবস্থা কায়েম করতে গিয়ে তারা জাতীয় সংসদে বিরোধী মতামতকে উপেক্ষা করে এক প্রকার গায়ের জোরে অমানবিক মধ্যযুগীয় চতুর্থ সংশোধনী আইন পাস করে। এই ব্যবস্থার মাধ্যমে তৎকালীন শাসকগোষ্ঠী মানুষের বাক, ব্যক্তি, চলাচল ও সমাবেশের স্বাধীনতাসহ সব মৌলিক অধিকার হরণ করে। সব সংবাদপত্র বাতিল করে তাদের অনুগত চারটি পত্রিকা চালু রাখার ফরমান জারি করে। এর ফলে চিরায়ত গণতন্ত্রের প্রাণশক্তিকেই তারা সেদিন নিঃশেষ করে দেয়।

খালেদা জিয়া বলেন, আওয়ামী লীগ এখন আবার বাকশালী চেতনায় গণতন্ত্রকে ভূগর্ভে সমাহিত করে ফেলেছে। এদের ঐতিহ্যই হচ্ছে গণতন্ত্র ও মানুষের মৌলিক অধিকার বিপন্ন করা। কঠিন লড়াইয়ের মধ্য দিয়ে বহুদলীয় গণতন্ত্রকে ফিরিয়ে আনতে হবে।

অপর এক বাণীতে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ২০১৪ সালের ৫ জানুয়ারি ভোটারবিহীন নির্বাচন করে আওয়ামী লীগ ১৯৭৫ সালের সেই দুঃশাসনেরই পুনরাবৃত্তি করছে।