পঞ্চদশ সংশোধনী সংবিধান সম্মত নয়: ফখরুল
প্রধান বিচারপতির বক্তব্য অনুযায়ী সংবিধানের পঞ্চদশ সংশোধনী সংবিধানসম্মত নয় বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ জন্য সংবিধান লঙ্ঘনের দায়ে সংশ্লিষ্ট ব্যক্তিদের জবাবদিহি করতে হবে বলেও হুঁশিয়ার করে দেন তিনি।
গতকাল বুধবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে ঢাকা মহানগর বিএনপি আয়োজিত এক সমাবেশে মির্জা ফখরুল সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের সভাপতি খন্দকার মাহবুব হোসেনের উদ্ধৃতি দিয়ে এ কথা বলেন।
দায়িত্ব নেওয়ার বর্ষপূর্তিতে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা গতকাল সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে বাণী দিয়েছেন। তাঁর বক্তব্যের প্রসঙ্গ টেনে মির্জা ফখরুল বলেন, ‘সুপ্রিম কোর্টের বার অ্যাসোসিয়েশনের সভাপতি খন্দকার মাহবুব হোসেন প্রেস কনফারেন্স করে বলেছেন, ‘প্রধান বিচারপতি যে বক্তব্য দিয়েছেন, এরপর বর্তমান সরকারের কোনো বৈধতা নেই, এই পার্লামেন্টের কোনো বৈধতা নেই। কারণ তিনি খুব পরিষ্কার করে বলেছেন, যে রায়ের বদৌলতে, যে রায়ের ওপর ভিত্তি করে সংবিধানের পঞ্চদশ সংশোধনী পার্লামেন্টে পাস করা হয়েছিল, সেই রায়টি সংবিধানসম্মত নয়। সংবিধান লঙ্ঘন করা হয়েছে। তাই সংবিধান লঙ্ঘনের দায়ে তাঁদের জবাবদিহি করতে হবে।’ তিনি বলেন, ‘আজকে দেখুন, তাদের নিজেদের মধ্যে কোন্দল শুরু হয়ে গেছে, আমাদের করতে হচ্ছে না। এই যে অবৈধভাবে, অনৈতিকভাবে তারা ক্ষমতায় বসে আছে। সে জন্য নিজেদের মধ্যে প্রচুর কোন্দল শুরু হয়েছে।’
দুর্নীতিকে বৈধতা দিতেই পদ্মা সেতু ও মগবাজার-মৌচাক ফ্লাইওভারের ব্যয় বাড়ানো হয়েছে বলেও দাবি করেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব। তিনি বলেন, বাংলাদেশে আজ নীতি বলতে কিছু নেই। দুর্নীতি পুরোপুরি গ্রাস করে ফেলেছে বাংলাদেশকে। আর এটার নেতৃত্ব দিচ্ছে আওয়ামী লীগ। এই সরকারে যারা বসে আছে, তারা।
এর আগে জাতীয় প্রেসক্লাবে স্বেচ্ছাসেবক দলের এক আলোচনা সভায় প্রধান বিচারপতির বক্তব্য নিয়ে কথা বলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। তিনি বলেন, ‘আজ পত্রিকায় এসেছে, দেশের প্রধান বিচারপতি বলেছেন যে অবসর গ্রহণের পর যে রায় লেখা হয়, সেই রায় বেআইনি এবং অসাংবিধানিক। তাহলে যে রায়ের রেফারেন্স দিয়ে আপনারা পঞ্চদশ সংশোধনী করলেন, তত্ত্বাবধায়ক সরকারের বিধান বাতিল করে দিলেন; সেই রায় তো আজকের প্রধান বিচারপতির ভাষায় বেআইনি ও অসাংবিধানিক।’
২০১১ সালের ১০ মে সংবিধানের ত্রয়োদশ সংশোধনী বাতিল করে রায় দেন আপিল বিভাগ। ওই রায়কে ভিত্তি ধরেই সংবিধান সংশোধন করে আওয়ামী লীগের নেতৃত্বাধীন মহাজোট সরকার। এতে বিলুপ্ত হয় নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা। খায়রুল হক ২০১১ সালের ১৭ মে অবসরে যাওয়ার পর ২০১২ সালের ১৬ সেপ্টেম্বরে প্রকাশিত হয় এর পূর্ণাঙ্গ রায়। এর আগেই ২০১১ সালের ৩০ জুন তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বিলুপ্তির পাশাপাশি ৫৫টি সংশোধনীসহ সংবিধানের পঞ্চদশ সংশোধনী প্রস্তাব পাস হয় জাতীয় সংসদে।