চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগে চলছে পঞ্চমুখী দ্বন্দ্ব। এই দ্বন্দ্বে পাঁচটি পক্ষের নেতৃত্বে আছেন দলের পাঁচজন প্রভাবশালী নেতা। তাঁরা হলেন সাবেক মেয়র এ বি এম মহিউদ্দিন চৌধুরী, সাংসদ এম এ লতিফ, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান আবদুচ ছালাম, সাবেক মন্ত্রী আফছারুল আমীন ও সাবেক সাংসদ নুরুল ইসলাম বিএসসি।
স্থানীয় নেতা-কর্মীরা জানান, এসব নেতার দাপট ও সুযোগ-সুবিধা দেওয়ার ক্ষমতা ওঠানামার ওপর নির্ভর করে তাঁদের কর্মী-অনুসারীর হ্রাস-বৃদ্ধি। ৫ জানুয়ারির নির্বাচনের পর আফছারুল আমীন মন্ত্রিপরিষদে ঠাঁই পাননি। এরপর তাঁর নেতৃত্বাধীন অংশ দুর্বল হয়ে পড়ে। তাঁর অনুসারীদের একটা অংশ মহিউদ্দিন চৌধুরী এবং এম এ লতিফের সঙ্গে চলে গেছে।
অবশ্য দলে আফছারুল আমীনের ঘনিষ্ঠজনেরা জানান, তিনি নির্বাচনী এলাকা ডবলমুরিং-পাহাড়তলী-হালিশহরে রাজনৈতিক কর্মসূচি এবং সামাজিক অনুষ্ঠানগুলোতে সক্রিয় আছেন।
নগর কমিটির সহসভাপতি নুরুল ইসলাম ৫ জানুয়ারির নির্বাচনে মনোনয়নবঞ্চিত হন। তাঁর আসন (কোতোয়ালি-বাকলিয়া) জাতীয় পার্টিকে ছেড়ে দেওয়া হয়। এর পর থেকে তিনি নিজেকে রাজনৈতিক কর্মসূচি থেকে গুটিয়ে নেন। তবে নির্বাচনী এলাকার সামাজিক কর্মসূচিগুলোতে অংশ নেন। একই সঙ্গে অনুগত নেতা-কর্মীদের সঙ্গে যোগাযোগ অব্যাহত রেখেছেন বলে তাঁর ঘনিষ্ঠজনেরা জানান।
চট্টগ্রামে আওয়ামী লীগের দাপুটে নেতা মহিউদ্দিন চৌধুরী গত সিটি করপোরেশন নির্বাচনে হেরে গিয়ে কিছুটা কোণঠাসা হয়ে পড়েছিলেন। কিন্তু গত নভেম্বরে আওয়ামী লীগের কেন্দ্র থেকে মহানগরে নতুন যে কমিটি ঘোষণা করে, তাতে আবারও সভাপতি নির্বাচিত হয়ে মহিউদ্দিন চৌধুরী দম পান। তাঁর সঙ্গে সাধারণ সম্পাদক করা হয় আ জ ম নাছিরউদ্দিনকে। ‘ক্যাডার রাজনীতির’ জন্য বহুল পরিচিত আ জ ম নাছিরের সঙ্গে একসময় দূরত্ব থাকলেও এখন তা মিটে গেছে।
এ দুজনের ঘনিষ্ঠ নেতারা জানান, নতুন কমিটিতে আ জ ম নাছিরের অনুসারী হিসেবে পরিচিত সাতজন ঠাঁই পেয়েছেন। কমিটির বাকি ৬২ জনের মধ্যে চার-পাঁচজন ছাড়া অন্যরা সবাই মহিউদ্দিন চৌধুরীর অনুগত হিসেবে পরিচিত। ফলে সাংগঠনিক কমিটিতে একক নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে সক্ষম হয়েছেন মহিউদ্দিন চৌধুরী।
তবে দলের নগর কমিটির কোষাধ্যক্ষ ও চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) চেয়ারম্যান আবদুচ ছালাম ও নগর কমিটির নির্বাহী সদস্য সাংসদ এম এ লতিফের প্রভাববলয়ও কম নয়।
সিডিএ সূত্রে জানা গেছে, চট্টগ্রাম নগর উন্নয়নে সিডিএ সাড়ে চার হাজার কোটি টাকা সরকার ও দাতা সংস্থার কাছ থেকে বরাদ্দ পেয়েছে বা প্রক্রিয়াধীন আছে। এসব কাজের ঠিকাদারি বা উপঠিকাদারি কাজ পাওয়ার আশায় ছালামের পেছনে নেতা-কর্মীর একটা অংশের ভিড় রয়েছে।
অবশ্য আবদুচ ছালাম দাবি করেন, ২০০৯ সালে সিডিএর চেয়ারম্যান হওয়ার পর এ পর্যন্ত যত উন্নয়নকাজ হয়েছে, এর আগে কখনো এত কাজ হয়নি। এ কারণে দলের নেতা-কর্মীরা তাঁর ওপর পূর্ণ আস্থা রেখেছেন। এখন শতভাগ নেতা-কর্মী তাঁর সঙ্গে আছেন।
আর, চট্টগ্রাম বন্দরকেন্দ্রিক নানা ব্যবসা-বাণিজ্যের সুযোগপ্রাপ্ত বা সুযোগপ্রত্যাশীরা আছেন বন্দর এলাকার সাংসদ এম এ লতিফের। লতিফের বিরুদ্ধে দলীয় কিছু নেতা-কর্মীকে বন্দরের ইয়ার্ডগুলোতে কাঠের বাক্স সরবরাহসহ ব্যবসা-বাণিজ্যের সুবিধা করে দেওয়ার অভিযোগও আছে।
যদিও বন্দরের শ্রমিক রাজনীতির একজন বড় নিয়ন্ত্রক মহিউদ্দিন চৌধুরী। একসময় তাঁর ডাকে যখন-তখন বন্দর অচল হয়ে পড়ত, যা ছিল মহিউদ্দিন চৌধুরীর রাজনীতির বড় হাতিয়ার। কিন্তু এক-এগারোর পর তত্ত্বাবধায়ক সরকারের সময় তিনি গ্রেপ্তার হলে তাঁর বন্দরকেন্দ্রিক নেটওয়ার্ক ভেঙে যায়। আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর দলীয় সাংসদ লতিফের কারণে বন্দরে আর আগের মতো দাপট প্রতিষ্ঠা করতে পারেননি মহিউদ্দিন চৌধুরী। এ নিয়েই মূলত লতিফের সঙ্গে তাঁর দ্বন্দ্ব চলে আসছে।
এ দ্বন্দ্বের জের ধরে মহিউদ্দিন চৌধুরী চট্টগ্রাম বন্দরে জেটি টার্মিনাল পরিচালনার কাজে নিযুক্ত বেসরকারি কোম্পানি সাইফ পাওয়ারটেকের বিরুদ্ধে কয়েক দিন পর পর বক্তব্য-বিৃবতি দিচ্ছেন এবং অনুগত শ্রমিকনেতাদের দিয়ে কর্মসূচি পালন করা করাচ্ছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
এ বিষয়ে মহিউদ্দিন চৌধুরী বলেন, তিনি ২০০৬ সাল থেকে সাইফ পাওয়ারটেকের বিরুদ্ধে আন্দোলন করছেন। তাঁর দাবি, ২০ জন অপারেটরকে জাপানে প্রশিক্ষণ দিয়ে এনে বন্দরে কাজে লাগানো হয়েছিল। তিন মাস পর তাঁদের বসিয়ে রেখে সাইফ পাওয়ারটেককে কাজ দেওয়া হয়। এতে বন্দরের খরচ অনেক বেড়েছে। তিনি এর প্রতিবাদ করছেন।
কিন্তু এটা তাঁর কাজ কি না, জানতে চাইলে মহিউদ্দিন চৌধুরী বলেন, ‘দীর্ঘদিন ধরে বন্দরে শ্রমিক রাজনীতি করছি। বন্দরের স্বার্থ, শ্রমিকদের স্বার্থ আমাকে দেখতে হয়।’ সাংসদ এম এ লতিফ বিদেশে অবস্থান করায় এ বিষয়ে তাঁর বক্তব্য পাওয়া যায়নি।
এদিকে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের দায়িত্বশীল আটজন নেতা দলের অবস্থা বর্ণনা করতে গিয়ে এ প্রতিবেদককে বলেন, অভ্যন্তরীণ রাজনীতি একে অন্যকে চাপে ফেলতে পাঁচ নেতা যতটা তৎপর, দলকে সাংগঠনিকভাবে এগিয়ে নিতে ততটা নন। নতুন কমিটিতে মহিউদ্দিন চৌধুরীর একক কর্তৃত্ব প্রতিষ্ঠা পাওয়ায় বাকি চার নেতাকে দলীয় সভায় দেখা যায় না। দলের কেন্দ্রীয় কর্মসূচিও তাঁরা আলাদাভাবে পালন করেন। নতুন কমিটি হওয়ার পর নির্বাহী কমিটির আটটির বেশি সভা হয়েছে। সব কটিতে আফছারুল আমীন, নুরুল ইসলাম বিএসসি, আবদুচ ছালাম ও এম এ লতিফ অনুপস্থিত ছিলেন।
তবে এসব বিভেদের কথা স্বীকার করতে রাজি নন মহিউদ্দিন চৌধুরী। তিনি দাবি করেন, তাঁকে সভাপতি করে নতুন কমিটি করার পর কয়েকজন ছাড়া বাকি সবাই দলীয় সভায় থাকেন। তিনি বলেন, ‘প্রতিটি কর্মসূচিতে আমরা পরীক্ষা দিয়ে যাচ্ছি। উত্তীর্ণ হচ্ছি। রাজনৈতিক মাঠ আমাদের নিয়ন্ত্রণে আছে।’