পটিয়ায় নিজ সংগঠনের নেতাকে পেটালেন ছাত্রলীগের নেতা-কর্মীরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের পটিয়া সরকারি কলেজ-সংলগ্ন বাস টার্মিনাল এলাকায় ছাত্রলীগের এক নেতাকে পিটিয়ে ও ক্ষুর দিয়ে আহত করেছেন প্রতিপক্ষের নেতা-কর্মীরা। গতকাল সোমবার দুপুরে এ ঘটনা ঘটে।

আহত এনামুল হক পটিয়া সরকারি কলেজের স্নাতক দ্বিতীয় বর্ষের ছাত্র এবং চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগের সদস্য। তিনি পটিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। হামলার ঘটনায় ছাত্রলীগের কলেজ শাখার সাধারণসম্পাদকসহ সাতজনের নাম উল্লেখ করে থানায় লিখিত অভিযোগ করা হয়েছে।

সংগঠন সূত্রে জানা গেছে, গত রোববার কলেজে ছাত্রলীগের সভাপতি নাজমুল সাকের ছিদ্দিকীর সমর্থকদের সঙ্গে সাধারণ সম্পাদক কামাল উদ্দিনের সমর্থকদের মারামারি হয়। এর জের ধরে এ ঘটনা ঘটেছে। পটিয়া কলেজে ছাত্রলীগের দুটি কমিটি রয়েছে। নাজমুল ও কামাল পটিয়ার সাংসদ সামসুল হক চৌধুরীর অনুসারী।

চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগ-সমর্থিত কলেজ ছাত্রলীগের সভাপতি তারেকুর রহমান অভিযোগ করেছেন, রোববারের ঘটনার জের ধরে গতকাল এনামকে একা পেয়ে কামাল উদ্দিনের নেতৃত্বে ১০-১২ জন বহিরাগত নেতা-কর্মী রড দিয়ে পেটান এবং ক্ষুর দিয়ে আঘাত করেন।

তবে কামাল উদ্দিন দাবি করেন, হামলার সময় তিনি সেখানে ছিলেন না।

নাজমুল সাকের দাবি করেন, ‘হামলার ঘটনায় আমাদের কোনো সমর্থক নেতা-কর্মী জড়িত নয়।’

সংগঠন সূত্র জানায়, গত রোববারের ঘটনা নিয়ে গতকাল সোমবাব সকালে পটিয়া পৌরসভা কার্যলয়ে দুই পক্ষের মধ্যে সমঝোতা বৈঠক হয়। বৈঠকে পৌর মেয়র ও পৌর আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক হারুনুর রশিদ দুই পক্ষের বিরোধ মিটমাট করে দেন।

পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেফায়েত উল্লাহ চৌধুরী বলেন, মারধরের ঘটনায় ছাত্রলীগের এক নেতা থানায় অভিযোগ করেছেন।