পটিয়ায় যুবদলের পাল্টাপাল্টি সভা
চট্টগ্রামের পটিয়ায় আজ বৃহস্পতিবার একই সময়ে ১০০ গজ ব্যবধানের মধ্যে চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবদলের দুই কমিটি পাল্টাপাল্টি পৃথক সভার আয়োজন করেছে। এতে দুই গ্রুপের নেতা-কর্মীদের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে।
সংগঠন সূত্র জানায়, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আজ বেলা আড়াইটায় রয়েল কমিউনিটি সেন্টারে দক্ষিণ জেলা যুবদলের সভাপতি বদরুল খায়ের চৌধুরী ও সাধারণ সম্পাদক মো. শাহজাহানের নেতৃত্বে সভার আয়োজন করা হয়েছে।
অন্যদিকে যুবদলের বিদ্রোহী পক্ষ উপজেলা পরিষদের সামনে আরেকটি সভার আয়োজন করেছে। দুই সভাস্থলের দূরত্ব ১০০ গজ।
বিদ্রোহী পক্ষের নেতৃত্বে রয়েছেন মফজল আহমেদ চৌধুরী।
যোগাযোগ করা হলে মফজল আহমদ চৌধুরী বলেন, ‘তাঁরা প্রতিনিধি সভার নামে কেন্দ্রীয় নেতাদের দেখানো জন্য যে কর্মসূচি দিয়েছেন, তা আমরা মানি না। তাই পাল্টা কর্মসূচি দিয়েছি।’
বদরুল খায়ের চৌধুরী বলেন, তাঁদের সভা করার বৈধতা নেই।
পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেফায়েত উল্লাহ চৌধুরী বলেন, ‘এ নিয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কা থাকলে দুটি সভাই বন্ধ করে দেব।’