পটিয়ায় ছাত্রলীগের কমিটি গঠন নিয়ে বিরোধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের পটিয়া উপজেলায় বিভিন্ন স্তরে ছাত্রলীগের কমিটি গঠন নিয়ে দক্ষিণ জেলা ছাত্রলীগ ও স্থানীয় সাংসদের অনুসারীদের মধ্যে বিরোধ দেখা দিয়েছে। এর জের ধরে উপজেলা, পৌরসভা ও পটিয়া কলেজ শাখা ছাত্রলীগের পাল্টাপাল্টি কমিটি ঘোষণা করা হয়েছে।
সংগঠন সূত্র জানায়, গত ২৩ জুলাই পটিয়া উপজেলা, পৌরসভা ও পটিয়া সরকারি কলেজ শাখা ছাত্রলীগের কমিটি গঠন করে দক্ষিণ জেলা ছাত্রলীগ। দক্ষিণ জেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক নুরুল আমিন স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এর প্রতিবাদে স্থানীয় সাংসদ সামশুল হক চৌধুরীর অনুসারীরা গত ২৫ জুলাই পাল্টা সম্মেলন করেন। উপজেলার মনসার টেক এলাকার একটি কমিউনিটি সেন্টারে আয়োজিত সম্মেলনে উপস্থিত ছিলেন সামশুল হক চৌধুরী। সেখানে পাল্টা কমিটি গঠন করা হয়। একই দিন পৌর সদরের একটি কমিউনিটি সেন্টারে পৌরসভা ও পটিয়া সরকারি কলেজ শাখা ছাত্রলীগের সম্মেলন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে নেতা-কর্মীরা সামশুল হক চৌধুরীকে কমিটি গঠনের অনুরোধ জানান। পরে ২৮ জুলাই সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে সাংসদের অনুসারীরা পৌরসভা ও কলেজ শাখার কমিটি ঘোষণা করেন।
সংগঠন সূত্র জানায়, দক্ষিণ জেলা যুবলীগের সভাপতি ও চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) সদস্য আ ম ম টিপু সুলতান চৌধুরীর অনুসারীরা দক্ষিণ জেলা ছাত্রলীগের কমিটিতে প্রাধান্য পেয়েছেন। এতে পটিয়ার সাংসদের অনুসারীরা ক্ষুব্ধ হয়ে উপজেলায় পাল্টা কমিটি গঠন করেন।
আ ম ম টিপু সুলতান চৌধুরী বলেন, ‘আমার কোনো গ্রুপ নেই। সংগঠনের সঙ্গে দীর্ঘদিন ধরে জড়িত ব্যক্তিদের কমিটিতে রেখেছে জেলা ছাত্রলীগ।’
প্রসঙ্গত, ২০০৫ সালে ইনজামুল হককে আহ্বায়ক ও তিনজনকে যুগ্ম আহ্বায়ক করে তিন মাসের জন্য পটিয়া উপজেলা ছাত্রলীগের কমিটি গঠন করা হয়েছিল।
চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক নুরুল আমিন বলেন, সংগঠনের গঠনতন্ত্র মোতাবেক ছাত্রলীগের বিষয়টি ছাত্রলীগই দেখে। ছাত্রলীগের কমিটি গঠন কিংবা বিলুপ্ত করার এখতিয়ার অন্য কারও নেই।
দক্ষিণ জেলা ছাত্রলীগের ভারপ্রাপ্ত আহ্বায়ক সালাউদ্দিন সাকিব বলেন, ‘কমিটি গঠন করার সময় স্থানীয় সাংসদের পরামর্শ চেয়েছিলাম। কিন্তু তিনি গুরুত্ব দেননি।’ তিনি বলেন, সাংসদের সহযোগিতায় পৃথক কমিটি গঠন করে ছাত্রলীগের মধ্যে সংঘাতময় পরিস্থিতি সৃষ্টি করা হয়েছে।
সাংসদ সামশুল হক চৌধুরী বলেন, ‘আমার সঙ্গে পরামর্শ না করে কমিটি ঘোষণা করায় এলাকায় উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি হয়। ছাত্রলীগের জেলা কমিটির কোনো বৈধতা নেই। তাই ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতির সঙ্গে পরামর্শ করে উপজেলা কমিটি গঠন করে দিয়েছি।’ তিনি বলেন, পটিয়ায় কোনো দলীয় কোন্দল থাকবে না।