পটিয়ায় ১৭ ইউপিতে আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী ঘোষণা
চতুর্থ ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে চট্টগ্রামের পটিয়া উপজেলার ১৭টি ইউপিতে চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন ঘোষণা করেছে আওয়ামী লীগ। এখানকার ১৩টি ইউপিতে আওয়ামী লীগের পুরাতন চেয়ারম্যানদের দলীয় প্রতীক নৌকা বরাদ্দ দেওয়া হয়েছে।
কেন্দ্রীয় আওয়ামী লীগের মনোনয়ন বোর্ডের সভায় মঙ্গলবার রাতে এই ঘোষণা দেওয়া হয়েছে।
পটিয়ায় যে তিনটি ইউপিতে বিএনপি সমর্থিত চেয়ারম্যান রয়েছেন, সে তিনটিসহ বাকি চারটি ইউপিতে নতুন মুখ নৌকা প্রতীক পেয়েছেন। চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান ও কেন্দ্রীয় আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক উপ কমিটির সদস্য এম এ রহিম এই তথ্য নিশ্চিত করেছেন।
দলীয় সূত্র জানায়, নৌকা প্রতীক পাওয়া চেয়ারম্যান পদ প্রার্থীরা হলেন ভাটিখাইন ইউনিয়নে মো. বখতিয়ার, বড়লিয়া ইউনিয়নে শাহীনুল ইসলাম সানু, কেলিশহর ইউনিয়নে সরোজ কান্তি সেন, দক্ষিণ ভূর্ষিতে মোহাম্মদ সেলিম, কচুয়াই এস এম ইনজামুল হক, শোভনদন্ডীতে এহছানুল হক, ধলঘাটে রনবীর ঘোষ, খরনাতে মাহাবুবুর রহমান, কুসুমপুরা মুহাম্মদ ইব্রাহীম, কাশিয়াইশে আলহাজ¦আবুল কাসেম, আশিয়াতে মোহাম্মদ হাসেম, জঙ্গলখাইনে গাজী ইদ্রিছ, কোলাগাঁওতে আহমদ নুর।
এদিকে জিরি ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান আবুল কালাম সওদাগরের পরিবর্তে নৌকা প্রতীক পেয়েছেন স্থানীয় আওয়ামী লীগ নেতা আমিনুল ইসলাম খান। এছাড়া যে তিনটি ইউপিতে বিএনপির নির্বাচিত চেয়ারম্যান রয়েছেন সে তিনটির মধ্যে হাবিলাদ্বীপ ইউপিতে ফওজুল কবির, হাইদগাঁওতে মুহাম্মদ ফয়সল এবং ছনহরায় সামশুল আলম নৌকা প্রতীক পেয়েছেন। তাঁদের মধ্যে ফওজুল কবির গত ইউপি নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হয়েছিলেন। বাকি দুজন এবারই প্রথম দলীয় মনোনয়ন পেয়েছেন।