পটুয়াখালী জেলা আ.লীগের সম্মেলন অনুষ্ঠিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পটুয়াখালী জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন গতকাল শুক্রবার শহীদ আলাউদ্দিন শিশুপার্কে অনুষ্ঠিত হয়। সকাল ১০টায় সম্মেলনের উদ্বোধন করেন কেন্দ্রীয় আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য শিল্পমন্ত্রী আমির হোসেন আমু।
উদ্বোধনী অধিবেশনে আমির হোসেন আমু বিএনপিকে উদ্দেশ করে বলেন, এই রাজনৈতিক দলটি দেশকে অকার্যকর রাষ্ট্রে পরিণত করতে চায়। তারা বৈধ সরকারকে অনির্বাচিত ও অবৈধ সরকার বলছে। তারা সংবিধান বিশ্বাস করে না বলেই এ কথা বলছে। তিনি বলেন, বিশ্বের পার্লামেন্টের সদস্যরা ভোট দিয়ে বর্তমান জাতীয় সংসদের স্পিকারকে বিশ্বের পার্লামেন্টারি অ্যাসোসিয়েশনের (সিপিএ) নির্বাহী কমিটির চেয়ারম্যান নির্বাচিত করেছেন। তাই এই সংসদ ও সরকারের বৈধতা নিয়ে আর কোনো প্রশ্ন থাকতে পারে না।
জেলা আওয়ামী লীগের সভাপতি মো. শাহজাহান মিয়ার সভাপতিত্বে সভায় আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য ইউসুফ হোসেন হুমায়ুন, সদস্য আবুল হাসানাত আবদুল্লাহ, যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুব উল আলম হানিফ ও জাহাঙ্গীর কবির নানক, সাংগঠনিক সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, তথ্য ও গবেষণা সম্পাদক আফজাল হোসেন, চিফ হুইপ আ স ম ফিরোজ, সাংসদ আ খ ম জাহাঙ্গীর হোসাইন, মাহাবুবুর রহমান তালুকদার, লুৎফুন নেছা প্রমুখ। সভা পরিচালনা করেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খান মোশারফ হোসেন।
সন্ধ্যায় স্থানীয় সার্কিট হাউসে সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে কাউন্সিলরদের ঐক্যবদ্ধের ভিত্তিতে মো. শাহজাহান মিয়া সভাপতি ও খান মোশারফ হোসেন সাধারণ সম্পাদক নির্বাচিত হন।
এর আগে উদ্বোধনী অনুষ্ঠান শুরুর পরপরই সভাস্থলে স্লোগান-পাল্টা স্লোগান ও চেয়ারে বসাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে ব্যাপক হট্টগোল এবং একপর্যায়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন তাঁরা। ভাঙচুর করা হয় সভাস্থলের দেড় শতাধিক চেয়ার। এতে আহত হন কমপক্ষে ১৫ জন। এ ঘটনায় প্রায় আধা ঘণ্টা পর কেন্দ্রীয় নেতাদের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়। হামলায় আহত ব্যক্তিদের মধ্যে পাঁচজন পটুয়াখালী জেনারেল হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।