পটুয়াখালী জেলা আওয়ামী লীগের কমিটি অনুমোদন
কাউন্সিলের দেড় বছর পর পটুয়াখালী জেলা আওয়ামী লীগের ৭১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ। গত সোমবার সন্ধ্যায় জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।
কমিটিতে আবারও মো. শাহজাহান মিয়াকে সভাপতি ও খান মোশারফ হোসেনকে সাধারণ সম্পাদক করা হয়েছে।
জেলা আওয়ামী লীগ সূত্র জানায়, পটুয়াখালীর ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয় ২০১৪ সালের ১৪ নভেম্বর। কাউন্সিলরদের ঐকমত্যের ভিত্তিতে সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত হন। এ ছাড়া দলের কেন্দ্রীয় নেতারা নতুন কমিটিতে নতুন-পুরোনো মিলিয়ে বেশ কয়েকজনের নাম ঘোষণা করেন।
অনুমোদিত কমিটির ১ নম্বর সদস্য জাতীয় সংসদের চিফ হুইপ আ স ম ফিরোজ।
এ ছাড়াও কমিটিতে কাজী আলমগীর, আবদুল মান্নান ও গোলাম সরোয়ারকে যুগ্ম সাধারণ সম্পাদক এবং সৈমেন্দ্র লাল শৈলেন, পটুয়াখালী পৌরসভার মেয়র শফিকুল ইসলাম ও বাউফল পৌরসভার মেয়র জিয়াউল হক জুয়েলকে সাংগঠনিক সম্পাদক করা হয়েছে। কমিটিতে বিভিন্ন পদে নতুনরাও স্থান পেয়েছেন।
জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খান মোশারফ হোসেন বলেন, নতুন ও পুরোনোদের নেতৃত্বে জেলা আওয়ামী লীগ সাংগঠনিকভাবে আরও শক্তিশালী হবে এবং সংগঠন ভবিষ্যতে আরও গতিশীল হবে।