পত্রিকার রিপোর্টকে পজিটিভ দেখেছি: ওবায়দুল

যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘মহাসড়কের বিভিন্ন জায়গায় কিছু অংশ খারাপ ছিল। সেটি নিয়ে গণমাধ্যম কঠোর সমালোচনা করেছে। আবার শেষদিকে সুন্দর নিউজও করেছে। পত্রিকার রিপোর্টকে পজিটিভ হিসেবে দেখেছি।’
গতকাল বুধবার রাতে ফেনী সার্কিট হাউসে জেলা প্রশাসন, সাংবাদিক ও দলীয় নেতা-কর্মীদের সঙ্গে ঈদের শুভেচ্ছাবিনিময়ের সময় যোগাযোগমন্ত্রী এ কথা বলেন।
মন্ত্রী বলেন, ‘এখনো বস্তুনিষ্ঠ সাংবাদিক আছে। মিডিয়া আমাদের সতর্ক করেছে।’ তিনি বলেন, এবার ঈদে ঘরমুখী মানুষ স্বস্তিতে বাড়ি ফিরেছে।
ওবায়দুল কাদের বলেন, ‘আমি বলি না পুষ্প বিছানা পথ উপহার দিয়েছি। তবে বৃষ্টির মধ্যেও গাড়ির চাকা আটকায়নি।’ তিনি বলেন, এবার সুদূর অতীতকালের মধ্যে স্বস্তির ঈদ হয়েছে। এ জন্য পুলকিত হওয়ার কারণ নেই। মহাসড়কের বিভিন্ন জায়গায় কিছু অংশ খারাপ ছিল। এ জন্য ২১টি মনিটরিং টিম, শতাধিক মোবাইল ইউনিট ছিল। ঈদের দিনও প্রকৌশলী ও পুলিশ দায়িত্ব পালন করেছে।
ওবায়দুল কাদের বলেন, বিএনপি ও সহযোগীরা আন্দোলনের ডাক দিয়েছে। সে আন্দোলন অহিংস হলে রাজনৈতিকভাবে মোকাবিলা করা হবে। আর যদি তা সহিংস হয়, তাহলে সেটা মোকাবিলা এবং জনগণের জানমাল রক্ষায় সরকারি দল ও প্রশাসনকে সমুচিত জবাব দিতে হবে। এ জন্য তিনি দলের সবাইকে প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়েছেন।
এ সময় ফেনী-২ আসনের সাংসদ ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারী, ফেনী-৩ আসনের স্বতন্ত্র সাংসদ রহিম উল্যাহ, সংরক্ষিত নারী সাংসদ জাহানারা বেগম, জেলা প্রশাসক মো. হুমায়ুন কবীর খোন্দকার, পুলিশ সুপার পরিতোষ ঘোষ, জেলা আওয়ামী লীগের সভাপতি আবদুর রহমান, সাবেক সভাপতি ও জেলা পরিষদের প্রশাসক আজিজ আহম্মদ চৌধুরী উপস্থিত ছিলেন।