পথচারীবান্ধব ফুটপাত দেওয়া হবে
২০১৫ সালের নির্বাচনে এই ওয়ার্ডের কাউন্সিলর নির্বাচিত হয়েছেন মোস্তবা জামান। তিনি গতকাল এলাকার বিভিন্ন বিষয়ে প্রথম আলোর সঙ্গে কথা বলেন।
ফুটপাতে হকারদের বিষয়ে মোস্তবা জামান বলেন, গুলিস্তানের মতো এই এলাকা থেকে হকারদের উচ্ছেদ করা হবে। নাগরিকদের পথচারীবান্ধব ফুটপাত উপহার দেওয়া হবে। যানজট নিয়ন্ত্রণের জন্য পুলিশের ট্রাফিক বিভাগকে বলা হবে।
জলাবদ্ধতার বিষয়ে তিনি বলেন, শান্তিনগর ও রাজারবাগের জলাবদ্ধতা কমাতে ডিএসসিসির একটি মেগা প্রকল্পের অধীনে নালা নির্মাণের কাজ চলছে। শিগগিরই এই সমস্যার সমাধান হবে। এ ছাড়া গত দুই বছরে প্রায় চার কোটি টাকা ব্যয়ে সড়ক সংস্কার ও নালা নির্মাণ করা হয়েছে।
ওয়াসার পানিতে দুর্গন্ধের বিষয়ে কাউন্সিলর বলেন, ওই তিনটি এলাকায় ওয়াসার পানি থেকে দুর্গন্ধ ও ময়লা পানির বিষয়টি ওয়াসা কর্তৃপক্ষকে জানানো হয়েছে। কিন্তু তা সমাধানে তাদের তেমন কোনো উদ্যোগ দেখা যাচ্ছে না।
মোস্তবা জামান বলেন, তাঁর ওয়ার্ডে চুরি-ছিনতাই কমাতে চামেলীবাগ কল্যাণ সমিতি, শান্তিনগর ঐতিহ্য রক্ষা কমিটি, পুরানা পল্টন সমাজ কল্যাণ সমিতি ও বিজয়নগর সমাজকল্যাণ সমিতিসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনকে নিয়ে প্রতিটি এলাকায় গলিতে ফটক ও নিরাপত্তাকর্মীর ব্যবস্থা করা হয়েছে। ইতিমধ্যে প্রায় ৬০টি ক্লোজড সার্কিট ক্যামেরা (সিসি ক্যামেরা) লাগানো হয়েছে। এ ছাড়া ডিএসসিসি থেকে প্রায় সাড়ে তিন শ এলইডি বাতি লাগানো হয়েছে। এতে মহল্লার চুরি-ছিনতাই কমে গেছে।