পদ নিয়ে দ্বন্দ্বের জের পাল্টাপাল্টি কমিটি গঠন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লার হোমনা উপজেলা আওয়ামী লীগ দুই ভাগে বিভক্ত হয়ে পড়েছে। নেতা-কর্মীরা পাল্টাপাল্টি কমিটি গঠন করেছেন। দুটি কমিটিতেই আবদুল মজিদকে সভাপতি এবং একটিতে এ কে এম ছিদ্দিকুর রহমান ও অন্যটিতে ফজলুল হক মোল্লাকে সাধারণ সম্পাদক করা হয়েছে।

দলীয় সূত্রে জানা গেছে, সভাপতি ছাড়া অন্য পদগুলো নিয়ে দ্বন্দ্বের জের ধরে নেতা-কর্মীরা দুই ভাগে বিভক্ত হয়ে পাল্টাপাল্টি কমিটি গঠন করেছেন। দলীয়  সূত্রে জানা গেছে, গত বছরের ২০ ডিসেম্বর উপজেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন হয়। সম্মেলনে একক প্রার্থী হওয়ায় ছিদ্দিকুরকে সাধারণ সম্পাদক ঘোষণা করা হয়। পরে ২৫ ডিসেম্বর সভাপতি হিসেবে আবদুল মজিদের নাম ঘোষণা করেন কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম সরকার। ওই সম্মেলনের নয় মাস পর গত ১৫ সেপ্টেম্বর আবদুল মজিদকে সভাপতি, ছিদ্দিকুরকে সাধারণ সম্পাদক, শাহী নুরুজ্জামান, মহিউদ্দিন খন্দকার ও কামরুজ্জামানকে সাংগঠনিক সম্পাদক করে ৬৭ সদস্যের কমিটির অনুমোদন দেয় জেলা কমিটি। তবে গত বুধবার সন্ধ্যায় উপজেলা সদরের খোরশেদ আলম সুপার মার্কেটের দ্বিতীয় তলার একটি কক্ষে ফজলুল হককে সাধারণ সম্পাদক, খোরশেদ আলম, মহসীন সরকার ও কামাল হোসেনকে সাংগঠনিক সম্পাদক করে ৬৭ সদস্যের পাল্টা কমিটি ঘোষণা করা হয়।

এ সময় কুমিল্লা জেলা উত্তর আওয়ামী লীগের সভাপতির স্বাক্ষর রয়েছে—এমন দাবি করে একটি চিঠি দেখিয়ে খোরশেদ আলম বলেন, এতে আবদুল মজিদকে সভাপতি এবং ফজলুল হককে সাধারণ সম্পাদক ঘোষণা করে কমিটির অনুমোদন দিয়ে সাংগঠনিক কার্যক্রম পরিচালনার কথা বলা হয়েছে। তিনি আরও বলেন, ‘জেলা কমিটি আমাদের কমিটিকে অনুমোদন দিয়েছে। এটাই বৈধ কমিটি।’ ফজলুল হক বলেন, ‘চলতি বছরের মার্চেই জেলা কমিটির সভাপতির স্বাক্ষরে আমাদের কমিটিকে অনুমোদন দেওয়া হয়। কিন্তু এত দিন সময় পাইনি বলে আমরা তা ঘোষণা করতে পারিনি।’ 

অপর কমিটির সাধারণ সম্পাদক ছিদ্দিকুর রহমান বলেন, ‘আমাদের কমিটি সম্মেলনের মাধ্যমে হয়েছে। আমাদেরটিই বৈধ।’