সিলেট জেলা ও মহানগর ছাত্রদল: জেলা সভাপতিসহ ১৩ কর্মী কারাগারে
পদ পাওয়া নেতারাও কমিটি বাতিল চান
সিলেট জেলা ও মহানগর ছাত্রদলের নতুন কমিটি প্রত্যাখ্যান করে তা বাতিলের দাবিতে গতকাল শনিবার সংবাদ সম্মেলন করেছে সংগঠনের বিক্ষুব্ধ ও পদবঞ্চিত অংশ। ‘ছাত্রদল জেলা ও মহানগর’—এই ব্যানারে সিলেট জেলা প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে নগর ও জেলা ছাত্রদলের নতুন সভাপতি-সাধারণ সম্পাদককে ‘অবাঞ্ছিত’ ঘোষণা করা হয়েছে।
জেলা ছাত্রদলের নতুন কমিটির সহসভাপতি আহমদ চৌধুরী, মহানগরের সহসভাপতি মাহফুজুল করিম, জেলার সাংগঠনিক সম্পাদক এখলাছ উদ্দিন ও সহসাধারণ সম্পাদক নাজিম উদ্দিন সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন। তাঁরাও কমিটি প্রত্যাখ্যান দাবির সঙ্গে একাত্মতা প্রকাশ করেন।
এদিকে সিলেট জেলা ছাত্রদলের নতুন কমিটির সভাপতি সাঈদ আহমেদসহ সংগঠনের ১৩ কর্মীকে গতকাল গ্রেপ্তারের পর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। নতুন কমিটি ঘোষণাকে কেন্দ্র করে গত শুক্রবার নগরের ইলেকট্রিক সাপ্লাই এলাকায় ছাত্রদলের দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এ ঘটনায় রাতেই বিমানবন্দর থানায় পুলিশ বাদী হয়ে বিস্ফোরক আইনে মামলা করে। ওই মামলায় সাঈদসহ ১৩ কর্মীকে গতকাল সকালে গ্রেপ্তার করা হয়।
দীর্ঘ এক যুগ (সর্বশেষ কমিটি হয়েছিল ২০০২ সালে) পর গত বৃহস্পতিবার সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে ছাত্রদলের কেন্দ্রীয় কমিটি সিলেট মহানগর ও জেলা কমিটি ঘোষণা করে।
লিখিত বক্তব্যে বলা হয়, ছাত্রদলের কেন্দ্রীয় কমিটি বাণিজ্যিক লাভের জন্য এ দুষ্কর্ম করেছে। এতে বলা হয়, যাঁরা ছাত্রশিবির থেকে ছাত্রদলে যোগদান করেছিলেন—এমন চারজনকে নতুন কমিটিতে রাখা হয়েছে।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য উপস্থাপন করেন সাবেক জেলা কমিটির সভাপতি সৈয়দ সাফেক মাহবুব ও সাংগঠনিক সম্পাদক মাহবুবুল হক চৌধুরী।
তবে নগর ছাত্রদলের নতুন সভাপতি নুরুল আলম সিদ্দিকী গতকাল এক বিবৃতিতে জেলা ছাত্রদলের সভাপতি সাঈদসহ ১৩ নেতা-কর্মীর মুক্তি দাবি করেছেন।
এদিকে সাঈদসহ বিস্ফোরক মামলার আসামিদের সম্পর্কে তদন্ত করতে গিয়ে পুলিশ ২০১০ সালের ৬ মে নগরের কোর্ট পয়েন্টে অস্ত্রবাজির ঘটনার সঙ্গে তাঁদের সম্পৃক্ততার বিষয়টি খুঁজে দেখছে। ওই দিন ছাত্রদলের দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষ হয়। প্রকাশ্যে অস্ত্রের মহড়া দেন অনেক নেতা-কর্মী। এ নিয়ে সচিত্র প্রতিবেদনও প্রকাশিত হয় প্রথম আলোসহ বিভিন্ন জাতীয় দৈনিকে। অভিযোগ উঠেছে, জেলা ছাত্রদলের নতুন সভাপতি সাঈদসহ তাঁর অনুসারীরা সেদিন সংঘর্ষের সময় উপস্থিত ছিলেন।
পুলিশ বলছে, ওই অস্ত্রধারীদের সঙ্গে সাঈদের যোগাযোগ থাকতে পারে। তবে সেদিনের ঘটনায় যেসব অস্ত্রধারীর ছবি বিভিন্ন পত্রিকায় ছাপা হয়েছে, তাঁদের কারও পরিচয় বের করতে পারেনি পুলিশ। অস্ত্রধারী কাউকে গ্রেপ্তার করাও সম্ভব হয়নি।
এ বিষয়ে জানতে চাইলে সিলেট মহানগর পুলিশের মুখপাত্র অতিরিক্ত উপকমিশনার (উত্তর) মো. রহমতুল্লাহ প্রথম আলোকে বলেন, সাম্প্রতিক কোনো ঘটনা বা মামলার তদন্ত করতে গিয়ে পুলিশ এর আগে সংঘটিত ঘটনার খোঁজখবর নিতেই পারে।