চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের নতুন কমিটিতে পদ না পেয়ে বিক্ষোভ করেছিলেন পদবঞ্চিত নেতা-কর্মীরা। ঘোষণা দিয়ে অচল করে দেওয়া হয়েছিল বিশ্ববিদ্যালয়। তাঁদের শান্ত করতে ঢাকা থেকে ছুটে এসেছিলেন কেন্দ্রীয় নেতারা। শেষ পর্যন্ত পদ দেওয়া হয়েছে তাঁদের। ২০১ সদস্যের কমিটির আকার বেড়ে হয়েছে ২৬১। তবে যাঁদের বিরুদ্ধে পদবঞ্চিত নেতা-কর্মীরা অভিযোগ করেছিলেন তাঁরা সবাই বহাল রয়েছেন।
সংশোধিত কমিটিতে বাদ পড়েছেন একজন, কয়েকজনের পদ পরিবর্তন হয়েছে। বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের বর্ধিত ও সংশোধিত তালিকা গত রোববার রাতে প্রকাশ করা হয়। এর আগে গত ১৮ জুলাই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের কমিটির মেয়াদ শেষ হওয়ার দুই দিন আগে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করে কেন্দ্রীয় ছাত্রলীগ।
কমিটি ঘোষণার পর থেকেই যোগ্য নেতাদের মূল্যায়ন করা হয়নি এবং কমিটিতে শিবির ও ছাত্রদলের নেতা-কর্মীরা পদ পেয়েছেন এমন অভিযোগ তুলে আন্দোলনে নামেন ছাত্রলীগের পদবঞ্চিত ও প্রত্যাশিত পদ না পাওয়া নেতা-কর্মীরা। তাঁদের আন্দোলনের পরিপ্রেক্ষিতে ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাইফুর রহমান ও সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন চট্টগ্রামে আসেন। তাঁদের আশ্বাসের পরিপ্রেক্ষিতে আন্দোলন স্থগিত করেন বিক্ষুব্ধ নেতা-কর্মীরা।
সংশোধিত কমিটিতে সহসভাপতি পদ পেয়েছেন রেজাউল করিম। ২০১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটিতে তিনি পেয়েছিলেন সহসম্পাদক পদ। তিনি প্রথম আলোকে বলেন, ‘প্রত্যাশিত পদ না পাওয়ায় এবং শিবিরবিরোধী আন্দোলনে অগ্রণী ভূমিকা পালনকারীদের পদবঞ্চিত করায় আমরা আন্দোলন করে ক্যাম্পাস অচল করে দিই। এরপর কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক চট্টগ্রামে আসেন। তাঁরা আমাদের মূল্যায়ন করার আশ্বাস দেন। তাঁরা তাঁদের কথা রেখেছেন। তবে কমিটিতে শিবির, ছাত্রদলের কর্মী ও বিবাহিত যাঁরা পদ পেয়েছেন তাঁদের বাদ দেওয়া হয়নি।’
রোববার রাতের ঘোষণায় পদবঞ্চিত তাইফুল হক সহসভাপতি পদ পেয়েছেন। তিনি প্রথম আলোকে বলেন, বর্ধিত ও সংশোধিত কমিটিতে ত্যাগী ও পরিচ্ছন্ন কর্মীদের মূল্যায়ন করা হয়েছে। বিতর্কিত যাঁরা আছেন তাঁদের ব্যাপারে কেন্দ্রীয় ছাত্রলীগ হস্তক্ষেপ নেবে।
ছাত্র ফেডারেশনের সাবেক সহসম্পাদক বিকুল তাজিম ১৮ জুলাই ঘোষিত ছাত্রলীগের কমিটিতে উপশিক্ষা ও পাঠচক্র সম্পাদকের পদ পান। কিন্তু রোববার রাতে প্রকাশ করা বর্ধিত ও সংশোধিত কমিটিতে তাঁকে বাদ দেওয়া হয়েছে।
বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি আলমগীর টিপু ও সাধারণ সম্পাদক ফজলে রাব্বি প্রথম আলোকে বলেন, কমিটির সবাই একযোগে কাজ করবে। বাদ পড়া বিকুল তাজিমের বিষয়টি কেন্দ্রকে জানানো হবে।