পদত্যাগ করেছেন রংপুরের মেয়র

রংপুর সিটি করপোরেশনের বর্তমান মেয়র সরফুদ্দীন আহমেদ নিয়ম অনুসারে আজ মঙ্গলবার পদত্যাগ করেছেন। তিনি রংপুর সিটি করপোরেশনের আসন্ন নির্বাচনে আওয়ামী লীগের মেয়র প্রার্থী।
রংপুর সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা আক্তার হোসেন প্রথম আলোকে বলেন, সরফুদ্দীন আহমেদ মেয়র পদ থকে অব্যাহতি চেয়ে ঢাকায় স্থানীয় সরকার মন্ত্রণালয়ে আজ সকালে লোক মারফত পদত্যাগপত্র পাঠান। মন্ত্রণালয় থেকে পদত্যাগপত্র পাওয়ার বিষয়টি তাঁকে নিশ্চিত করা হয়েছে।
আগামীকাল বুধবার রংপুর সিটি করপোরেশন নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন। এখন পর্যন্ত মেয়র পদের দুই প্রার্থীসহ মোট ৮৯ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।
আজ সকাল থেকেই রংপুর আঞ্চলিক নির্বাচন কার্যালয়ের সামনে প্রার্থী ও তাদের সমর্থকদের সমাগমে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। প্রার্থীরা নির্বাচনী বিধিমালা মেনে ছোট ছোট দলে তাদের সমর্থকদের নিয়ে মনোনয়নপত্র জমা দিতে থাকেন। পরে তাঁরা সেখানে উপস্থিত ভোটারদের কাছে ভোট ও দোয়া চান।
মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হবে ২৫ ও ২৬ নভেম্বর। বাছাই তালিকা প্রকাশ হবে ২৭ নভেম্বর। প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ৩ ডিসেম্বর। প্রতীক বরাদ্দ করা হবে ৪ ডিসেম্বর। প্রতীক বরাদ্দের পর থেকেই প্রার্থীরা নির্বাচনের ৪৮ ঘণ্টা আগ পর্যন্ত আনুষ্ঠানিক প্রচার চালাতে পারবেন। ভোট গ্রহণ হবে ২১ ডিসেম্বর।