পদবঞ্চিতদের তালিকা সংগ্রহ, বগিভিত্তিক রাজনীতি নিষিদ্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগে পদবঞ্চিত ও নতুন কমিটির ‘বিতর্কিত’ নেতাদের তালিকা সংগ্রহ করেছেন সংগঠনটির কেন্দ্রীয় নেতারা। এ ছাড়া তাঁরা বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের বগিভিত্তিক রাজনীতি নিষিদ্ধ করেছেন। এদিকে কেন্দ্রীয় নেতাদের সঙ্গে আলোচনার পর কর্মসূচি স্থগিত করেছেন পদবঞ্চিত নেতা-কর্মীরা।
গত সোমবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়। সেদিন থেকে বিশ্ববিদ্যালয় অবরোধসহ বিভিন্ন কর্মসূচি চালিয়ে যাচ্ছিলেন পদবঞ্চিত ও প্রত্যাশিত পদ না পাওয়া নেতা-কর্মীরা। এ নিয়ে দুই পক্ষের মধ্যে গোলাগুলি ও শাটল ট্রেনে হামলার ঘটনা ঘটে। এ পরিস্থিতিতে সংকট নিরসনে ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাইফুর রহমান সোহাগ ও সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন গতকাল শুক্রবার চট্টগ্রামে আসেন।
ছাত্রলীগ সূত্র জানায়, গতকাল দুপুর ১২টায় চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ও নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীনের বাসায় যান ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সম্পাদক। সেখানে তাঁরা মেয়রের সঙ্গে বৈঠক করেন। কেন্দ্রীয় ছাত্রলীগের সহসম্পাদক দিয়াজ ইরফান চৌধুরী ও বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি আলমগীর টিপু বৈঠকে অংশ নেন। এরপর বিকেল তিনটায় তাঁরা চট্টগ্রাম নগর আওয়ামী লীগের সভাপতি এ বি এম মহিউদ্দিন চৌধুরীর বাসায় গিয়ে তাঁর সঙ্গে বৈঠক করেন। এ বৈঠকের সময় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি আলমগীর টিপু, সাধারণ সম্পাদক ফজলে রাব্বী সুজন ছাড়াও দিয়াজ ইরফান চৌধুরী ও নগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক নুরুল আজিম উপস্থিত ছিলেন।
বৈঠকের ফলাফল সম্পর্কে জানতে চাইলে কেন্দ্রীয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন প্রথম আলোকে বলেন, ‘আমরা মহিউদ্দিন ভাই ও নাছির ভাইয়ের উপস্থিতিতে সব পক্ষের সঙ্গে বৈঠক করেছি। এ সময় পদবঞ্চিতদের তালিকা সংগ্রহ করেছি।’ তিনি বলেন, বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের কমিটিতে থাকা বিতর্কিত নামগুলো বাদ দেওয়া হবে। ঢাকায় গিয়ে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।
জাকির হোসাইন আরও বলেন, বিশ্ববিদ্যালয়ে বগিভিত্তিক রাজনীতি নিষিদ্ধ করা হয়েছে। সবাইকে বগিভিত্তিক রাজনীতি বর্জন করতে বলা হয়েছে। কেউ এ নিষেধাজ্ঞা অমান্য করলে তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
আলমগীর টিপু বলেন, ‘কেন্দ্রীয় নেতারা পদবঞ্চিতদের তালিকা নিয়েছেন। আমাদের আবেদনের পরিপ্রেক্ষিতে বিশ্ববিদ্যালয়ে বগিভিত্তিক রাজনীতি নিষিদ্ধ করেছে কেন্দ্রীয় ছাত্রলীগ।’
ফজলে রাব্বী সুজন বলেন, ‘বিশ্ববিদ্যালয় পরিস্থিতি নিয়ে কেন্দ্রীয় ছাত্রলীগের নেতাদের সঙ্গে ফলপ্রসূ আলোচনা হয়েছে। আশা করছি, বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ ঐক্যবদ্ধভাবে কাজ করে নতুন এ কমিটিকে সেরা কমিটি হিসেবে প্রমাণ করবে।’
দিয়াজ ইরফান চৌধুরী জানান, আন্দোলনকারী ছয়জন ও নতুন কমিটির ছয়জন গত কয়েক দিনের ঘটনাবলির জন্য লিখিতভাবে দুঃখ প্রকাশ করেছেন। তিনি বলেন, আলোচনার পর পদবঞ্চিত নেতারা তাঁদের কর্মসূচি স্থগিত করেছেন।
এদিকে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতারা চট্টগ্রামে আসার পর গতকাল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস শান্ত ছিল।