পদবঞ্চিতদের ধৈর্য ধরার পরামর্শ মোশাররফের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির কমিটিতে পদবঞ্চিতদের ধৈর্য ধরতে বলেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন। তিনি বলেন, ‘কাঙ্ক্ষিত পদ না পেয়ে আপনাদের মধ্যে হতাশা ও ক্ষোভ থাকতে পারে, কিন্তু নেতিবাচক কথা বলার সুযোগ নেই। শূন্যপদগুলো পুনর্বিন্যাসের সময় তাদেরও পদে আসার সুযোগ রয়েছে।’

আজ শনিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে ঢাকাস্থ বৃহত্তর দাউদকান্দি ছাত্র কল্যাণ পরিষদ আয়োজিত এক আলোচনা খন্দকার মোশাররফ এ সব কথা বলেন।
খন্দকার মোশাররফ হোসেন বলেন, ‘বিএনপি একটি বৃহৎ রাজনৈতিক দল। এখানে সবাইকে একসঙ্গে সম্মানজনক পদ দেওয়া সম্ভব নয়। আপনারা ধৈর্য ধরুন, যারা একসঙ্গে দুই পদে আছেন, যখন সেগুলোর পুনর্বিন্যাস করা হবে, তখন আপনাদেরও সুযোগ রয়েছে।’

‘জনগণের সরকার প্রতিষ্ঠিত না হলে জঙ্গিবাদ দমন সম্ভব নয়’ এমন মন্তব্য করে বিএনপির এই নেতা বলেন, জঙ্গিবাদের কারণে সারা দেশের মানুষ আজ আতঙ্কিত অবস্থার মধ্যে আছে। রাস্তায় বের হলেই তল্লাশি করা হয়। জঙ্গিবাদের উত্থান রোধ করতে হলে জনগণের সরকার প্রতিষ্ঠা করতে হবে।

আলোচনা সভায় আরও বক্তব্য দেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য আবেদ রাজা, খন্দকার মারুফ হোসেন প্রমুখ। সভাপতিত্ব করেন দাউদকান্দি ছাত্র কল্যাণ পরিষদের সভাপতি সফিউল বাসার।