পদবঞ্চিতদের নয়াপল্টনে ভাঙচুর, অগ্নিসংযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ছাত্রদলের পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কমিটিতে ‘পদবঞ্চিতরা’ গতকাল বিকেলে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ, ভাঙচুর ও অগ্নিসংযোগ করেন l ছবি: প্রথম আলো
ছাত্রদলের পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কমিটিতে ‘পদবঞ্চিতরা’ গতকাল বিকেলে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ, ভাঙচুর ও অগ্নিসংযোগ করেন l ছবি: প্রথম আলো

ছাত্রদলের পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কমিটিতে পদবঞ্চিত নেতা-কর্মীদের একটি অংশ গতকাল সোমবার বিকেলে রাজধানীর নয়াপল্টনে বিক্ষোভ মিছিল ও ভাঙচুর করেছে। তাঁরা সংগঠনের কেন্দ্রীয় দপ্তরেও ভাঙচুর চালিয়ে আগুন ধরিয়ে দেন। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নেভান।
কয়েকজন প্রত্যক্ষদর্শী বলেন, বিকেল সাড়ে চারটার দিকে ছাত্রদলের শতাধিক নেতা-কর্মী মিছিল করে নয়াপল্টনে বিএনপির কার্যালয়ের সামনে জড়ো হন। প্রথমে তাঁরা কার্যালয়ের পাশের একটি চা-দোকানের আসবাব ও কার্যালয়ের সামনে বিএনপির নেতা-কর্মীদের ব্যানার-ফেস্টুন ভাঙচুর শুরু করেন। একপর্যায়ে কার্যালয়ের চারতলায় ছাত্রদলের কেন্দ্রীয় দপ্তরে ভাঙচুর চালিয়ে আগুন ধরিয়ে দেন। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নেভান।
এ বিষয়ে জানতে চাইলে পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোরশেদ আলম প্রথম আলোকে বলেন, ঘটনাটি ছাত্রদলের অভ্যন্তরীণ বিরোধ। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ করেছে। এ ঘটনায় কেউ আহত বা কাউকে আটক করা হয়নি।
৬ ফেব্রুয়ারি মধ্যরাতে ৭৩৬ সদস্যের ছাত্রদলের পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হয়। এর আগে ২০১৪ সালে রাজীব আহসানকে সভাপতি ও আকরামুল হাসানকে সাধারণ সম্পাদক করে ১৫৩ সদস্যবিশিষ্ট কমিটি ঘোষণার পরও বিদ্রোহ দেখা দিয়েছিল। তখনো পদবঞ্চিত নেতা-কর্মীরা টানা বিক্ষোভ মিছিল এবং বিএনপির কার্যালয় ভাঙচুর করেছিলেন।
সংশ্লিষ্ট একাধিক সূত্র জানায়, ঘোষিত পূর্ণাঙ্গ কমিটিতে ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক ইসহাক সরকারের অনুসারীদের প্রত্যাশিত পদ দেওয়া হয়নি। অনেক ত্যাগী নেতাকে মহানগর ও বিশ্ববিদ্যালয় কমিটিতে উপযুক্ত পদ না দিয়ে কেন্দ্রের কম গুরুত্বপূর্ণ পদ দেওয়া হয়েছে। এতে নেতা-কর্মীদের একটি অংশ ক্ষুব্ধ।
এ বিষয়ে ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি রকিবুল ইসলাম (রয়েল) প্রথম আলোকে বলেন, ঘোষিত ৭৩৬ সদস্যের কমিটি গঠনে বড় ধরনের অনিয়ম ও দুর্নীতি হয়েছে। ত্যাগী অনেক কর্মী ঢাকা বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ও ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ কমিটিতে স্থান পাননি। বিক্ষুব্ধ নেতা-কর্মীরা বিক্ষোভ করে প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন।
রকিবুল ইসলাম ছাত্রদলের কেন্দ্রীয় ছাত্রবিষয়ক সম্পাদক শহীদ উদ্দীন চৌধুরী ও সহ-ছাত্রবিষয়ক সম্পাদক সুলতান সালাহউদ্দিনকে অব্যাহতি এবং রাজীব আহসান ও আকরামুল হাসানের নেতৃত্বাধীন ছাত্রদলের কেন্দ্রীয় কমিটি বাতিলের দাবি জানান। তিনি বলেন, এ দাবি না মানা পর্যন্ত বিক্ষুব্ধ ও পদবঞ্চিত নেতা-কর্মীদের আন্দোলন চলবে।
এদিকে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সন্ধ্যায় সংবাদ সম্মেলন করে দলের যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, ছাত্রদল নামধারী কিছু দুষ্কৃতকারী এ হামলা চালিয়েছে। তিনি বলেন, সামনে বিএনপির জাতীয় কাউন্সিল। কাউন্সিলকে বাধাগ্রস্ত করতে এ হামলা চালানো হয়েছে। এর পেছনে সরকারের মদদ রয়েছে। ছাত্রদলের কেউ এমন ভাঙচুর করতে পারে না।
রিজভী বলেন, ঘটনাস্থলের কাছেই পুলিশ ছিল। একটি রাজনৈতিক দলের কার্যালয়ে এভাবে ভাঙচুর-অগ্নিসংযোগ চালালেও তাদের ভূমিকা ছিল রহস্যজনক। পুলিশ তাৎক্ষণিক ব্যবস্থা নিলে দুষ্কৃতকারীরা হামলা চালাতে পারত না।