পদের পর দল ছাড়ছেন বিএনপির সাবেক সাংসদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লা-৯ (লাকসাম ও মনোহরগঞ্জ) আসনের বিএনপিদলীয় সাবেক সাংসদ ও সাবেক সেনা কর্মকর্তা কর্নেল (অব.) আনোয়ার উল আজিম সাংগঠনিক পদ ছাড়ার পর এবার দলও ছাড়তে যাচ্ছেন। আজ বৃহস্পতিবার প্রথম আলোকে ফোনে তিনি এই আভাস দেন। এ জন্য তিনি আজ বিকেল সাড়ে পাঁচটায় ঢাকায় সংবাদ সম্মেলন ডেকেছেন।

গতকাল বুধবার রাতে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে গিয়ে আনোয়ার উল আজিম কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদকের পদ থেকে ইস্তফা চেয়ে চেয়ারপারসন বরাবর পদত্যাগপত্র দেন। সেখানে তিনি কোনো কারণ উল্লেখ করেননি। তবে পদত্যাগপত্র দ্রুত গ্রহণ করার বিশেষ অনুরোধ জানিয়েছেন। আজ বৃহস্পতিবার বেলা ১১টা ১৬ মিনিটে প্রথম আলোর সঙ্গে তাঁর কথা হয়। তখনই তিনি তাঁর পদত্যাগের তথ্যের সত্যতা নিশ্চিত করেন।

পদত্যাগের কারণ হিসেবে প্রথম আলোকে বিএনপির সাবেক এই সাংসদ বলেছেন, গত ১৫ দিনে তাঁর নির্বাচনী এলাকার দুটি উপজেলা ও একটি পৌর কমিটির যুবদল ও ছাত্রদলের কমিটি অগণতান্ত্রিকভাবে গঠন হয়েছে। এতে তিনি ক্ষুব্ধ। তাই পদত্যাগ করেছেন।

আজ বৃহস্পতিবার বিকেল ৫টা ৩০ মিনিটে রাজধানীর মহাখালী ফ্লাইওভারসংলগ্ন রাওয়া ক্লাবে সংবাদ সম্মেলন ডেকেছেন আনোয়ার উল আজিম। সেখানে তিনি কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির জ্যেষ্ঠ সহসভাপতি, লাকসাম ও মনোহরগঞ্জ উপজেলা এবং লাকসাম পৌর বিএনপির ১ নম্বর সদস্য পদ থেকে পদত্যাগের ঘোষণা দেবেন বলে প্রথম আলোকে জানিয়েছেন।

সাবেক সাংসদ আনোয়ার উল আজিম বলেন, ‘লাকসাম ও মনোহরগঞ্জের যুবদল ও ছাত্রদলের কমিটি অগণতান্ত্রিকভাবে করা হয়েছে। ঢাকায় জেলা নেতাদের ডেকে এনে পকেট কমিটি করা হয়েছে। বিষয়টি দলের হাইকমান্ডকে জানিয়েছিলাম। শীর্ষ নেতৃত্ব এ ব্যাপারে কোনো উদ্যোগ নেয়নি। আমি আমার কর্মীদের জন্য কোনো কিছু করতে পারিনি। ওই ব্যর্থতা আমার। তাই আমি আর দল করব না। সামাজিক প্রতিষ্ঠানে থেকে এলাকার জন্য কাজ করব। আমার নির্বাচনী এলাকায় আমি সব সময় তৎপর ছিলাম।’

সাবেক সাংসদ বলেন, ‘এখনো আমি দলের ভেতরে থাকা সরকারের এজেন্টদের ইচ্ছে করলেই প্রতিরোধ করতে পারতাম। কিন্তু করব না। কার জন্য করব। শীর্ষ নেতৃত্ব কোনো সাড়া দিচ্ছে না। রাজনীতি করতে গিয়ে কয়েক মাস আগেও আমার গাড়ি ভাঙচুর করা হয়েছে। আমার এলাকায় আমার একটা স্বচ্ছ ভাবমূর্তি আছে। আমি সুখী মানুষ। মানুষের ও কর্মীদের সুখ চাই। কিন্তু কিছু করতে পারছি না। আজ বৃহস্পতিবার সন্ধ্যায় আমি রাজনীতি থেকে একবারেই বিদায় নেব। দল করব না।’

আনোয়ার উল আজিম ২০০১ সালের ১ অক্টোবর প্রথমবার নির্বাচনে অংশ নিয়ে বিএনপি থেকে সাংসদ হন। ২০০৮ সালের ২৯ ডিসেম্বর অনুষ্ঠিত নির্বাচনে তিনি মাত্র ৪৫৮ ভোটের ব্যবধানে আওয়ামী লীগের প্রার্থীর কাছে হেরে যান। এর পর থেকে তিনি লাকসাম, মনোহরগঞ্জ ও কুমিল্লায় বিএনপির রাজনীতিতে তৎপর রয়েছেন।