পদ্মা সেতু আত্মমর্যাদার প্রতীক: সংসদে রওশন
জাতীয় সংসদে বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ বলেছেন, পদ্মা সেতু শুধু একটি অবকাঠামো নয়, পদ্মা সেতু আত্মমর্যাদার প্রতীক।
আজ বুধবার জাতীয় সংসদে ২০২২-২০২৩ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর আলোচনায় অংশ নিয়ে রওশন এরশাদ এ কথা বলেন। প্রায় এক বছর পর জাতীয় সংসদে এসে বক্তব্য দেন জাতীয় পার্টির প্রধান পৃষ্ঠপোষক রওশন এরশাদ। অসুস্থতার কারণে তিনি গত বছরের আগস্ট থেকে সংসদে অনুপস্থিত ছিলেন।
বিদেশে চিকিৎসা শেষে সুস্থ হয়ে দেশে ফেরার পর আজ বাজেট অধিবেশনে যোগ দেন রওশন এরশাদ। বাজেট আলোচনায় অংশ নিয়ে তিনি সংক্ষিপ্ত বক্তব্য দেন।
নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু নির্মাণ করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আন্তরিক অভিনন্দন জানিয়ে বিরোধীদলীয় নেতা বলেন, পদ্মা সেতু নিয়ে অনেক সমালোচনা ছিল। কিন্তু স্বপ্ন বাস্তবায়িত হয়েছে।
বন্যার স্থায়ী সমাধানে দীর্ঘমেয়াদি পদক্ষেপ নেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানান তিনি।