পদ্মা সেতুতে ওঠার আগে অপপ্রচারকারীদের ক্ষমা চাওয়া উচিত: তথ্যমন্ত্রী
প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের সব মানুষের জন্য পদ্মা সেতু তৈরি করেছেন বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাছান মাহমুদ। পদ্মা সেতু নিয়ে যাঁরা অপপ্রচার করেছেন, তাঁদের এই সেতুতে ওঠার আগে ক্ষমা চাওয়া উচিত বলে মনে করেন তিনি।
আজ মঙ্গলবার বিকেলে রাজধানীর মিন্টো রোডের সরকারি বাসভবনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তথ্যমন্ত্রী। এর আগে কান চলচ্চিত্র উৎসবে ‘মুজিব: একটি জাতির রূপকার’ সিনেমাটির ট্রেলার উদ্বোধন শেষে দুপুরে দেশে ফেরেন তিনি।
হাছান মাহমুদ বলেন, ‘খালেদা জিয়া, মির্জা ফখরুল, সিপিডি, টিআইবিসহ আরও ব্যক্তিবর্গ পদ্মা সেতুতে অর্থায়ন না করার জন্য হিলারি ক্লিনটনের মাধ্যমে, এমনকি বিশ্বব্যাংকে সরাসরি চিঠি লিখেছিলেন, ই-মেইল করেছিলেন। তাঁদের সমস্ত বিরূপ মন্তব্য, ষড়যন্ত্র, অপতৎপরতা সত্ত্বেও প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুকন্যার নেতৃত্বে বাংলাদেশ নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু নির্মাণ করেছে। এই সেতু বাংলাদেশের সব মানুষের জন্য।’
ষড়যন্ত্রকারীদের পদ্মা সেতুতে ওঠার অধিকার আছে কি না, জনগণ এমন প্রশ্ন করেছেন বলে জানান মন্ত্রী। তিনি বলেন, তিনি ব্যক্তিগতভাবে মনে করেন, ‘অপপ্রচার, মিথ্যা ভাষণ ও দেশবিরোধী তৎপরতার’ জন্য পদ্মা সেতু ব্যবহারের আগে তাঁদের ক্ষমা চাওয়া উচিত।
‘মুজিব: একটি জাতির রূপকার’ চলচ্চিত্রে মাধ্যমে বঙ্গবন্ধুর জীবন, কর্ম, আত্মত্যাগগুলো উঠে এসেছে। একই সঙ্গে একটি জাতির রূপকার হিসেবে তাঁর যে ত্যাগ, সংগ্রাম, অর্জন; সেগুলো তুলে আনা হয়েছে বলেন জানান হাছান মাহমুদ। তিনি বলেন, ‘বঙ্গবন্ধু ও আরও বিশ্বনেতাদের জীবন ও কর্মকে আড়াই-তিন ঘণ্টায় তুলে আনা কঠিন। কিন্তু এই চলচ্চিত্রে সেটি তুলে আনার চেষ্টা করা হয়েছে।’
তথ্যমন্ত্রী বলেন, ‘পরিচালক শ্যাম বেনেগাল ঠিকই বলেছেন, দেড় মিনিটের ট্রেলার দেখে একটা চলচ্চিত্রের ওপর মন্তব্য করা যায় না, সে জন্য পুরো ছবিটা দেখতে হবে। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, এই চলচ্চিত্র একটি ডকুমেন্টারি হিসেবেও কাজ করবে।’