পদ্মার তীর রক্ষণাবেক্ষণ দেখে সাংসদের ক্ষোভ

রাজশাহী নগরের শ্রীরামপুর এলাকায় শহররক্ষা বাঁধ রক্ষণাবেক্ষণের কাজ দেখতে গিয়ে গতকাল বুধবার ক্ষোভ প্রকাশ করেছেন রাজশাহী সদর আসনের সাংসদ ফজলে হোসেন বাদশা। যে ব্লক তৈরি করে এক মাস পরিচর্যা করার কথা, কাঁচা অবস্থায় সেই ব্লক পানির মধ্যে বসিয়ে দেওয়া হচ্ছে। এমনকি কাঁচা ব্লকে এক মাস আগের তারিখও লেখা হচ্ছে।
শ্রীরামপুরে জেলা পুলিশ লাইনসের কাছে গত বছরের সেপ্টেম্বরে ভাঙন দেখা দেয়। বাঁধের ব্লক খুলে নদীতে পড়ে যায়। শুকনো মৌসুমে এই বাঁধ সংস্কারের কোনো উদ্যোগ নেওয়া হয়নি। নদীতে নতুন পানি আসার সময় গত মে মাসে বাঁধের ১৫১ দশমিক ৭৫ মিটার ক্ষতিগ্রস্ত জায়গা সংস্কারের জন্য কার্যাদেশ দেওয়া হয়। নদীর পানি বেড়ে যাওয়ার কারণে হাতড়ে হাতড়ে ব্লক বসানো হচ্ছিল। এ নিয়ে গত মঙ্গলবার প্রথম আলোর মহানগর পাতায় ‘রাজশাহী শহররক্ষা বাঁধ: পানি হাতড়ে বসানো হচ্ছে ব্লক’ শিরোনামে একটি সচিত্র প্রতিবেদন প্রকাশিত হয়।
এরপর গতকাল দুপুর ১২টার দিকে সাংসদ ফজলে হোসেন বাদশা সংস্কারকাজ দেখতে যান। এ সময় তিনি খেয়াল করেন, শক্ত হওয়ার আগেই কাঁচা ব্লক পানিতে নামিয়ে দেওয়া হচ্ছে। শুধু তাই নয়, ব্লকের গায়ে তারিখ দেওয়া হচ্ছে এক মাস আগের। কারণ, নিয়ম অনুযায়ী ব্লক তৈরির পর এক মাস পরিচর্যা করে তারপর সেটা ব্যবহার করার কথা। অথচ তড়িঘড়ি ব্লক তৈরি করে ব্যবহার করা হচ্ছে।
সাংসদ ক্ষোভ প্রকাশ করে বলেন, নদীর তীর রক্ষণাবেক্ষণের নামে এভাবে কাজ করলে তা আদৌ কোনো কাজে আসবে না। তিনি সেখান থেকেই পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) প্রকৌশলীকে ফোন করে ক্ষোভ প্রকাশ করেন।
উপস্থিত সাংবাদিকদের উদ্দেশে সাংসদ বলেন, তিন বছর ধরে পাউবো রাজশাহী শহররক্ষা বাঁধের সংস্কার নিয়ে গড়িমসি করছে। ইতিমধ্যে তিনজন মন্ত্রী এসে বাঁধের অবস্থা দেখে গেছেন। তারপরও এখন তড়িঘড়ি করে কাঁচা ব্লক পানিতে নামিয়ে দেওয়া হচ্ছে।
জানতে চাইলে রাজশাহী পাউবোর নির্বাহী প্রকৌশলী মোখলেছুর রহমান বলেন, এখন ব্লক শুকাতে গেলে বাঁধটাকে আর বাঁচানো যাবে না। পাউবোর অতিরিক্ত প্রকৌশলী (নকশা) মোতাহার হোসেনের মতামত নিয়েছেন তিনি। এখন আর সময় নেই, তিন দিনের ব্লক হলেও বসিয়ে দিতে হবে। তা ছাড়া বাঁধটা বাঁচানো যাবে না।