পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত অবরোধ

বিএনপির নেতৃত্বাধীন ২০-দলীয় জোটের সপ্তাহব্যাপী টানা হরতাল শেষ হলেও চলমান অবরোধ অব্যাহত থাকছে।
বিএনপির যুগ্ম মহাসচিব সালাহ উদ্দিন আহমেদ আজ বৃহস্পতিবার এক বিবৃতিতে বলেছেন, পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত অবরোধ অব্যাহত থাকবে। পাশাপাশি আগামী রোববার থেকে আবারও কঠোর কর্মসূচি ঘোষণার হুমকি দেন তিনি।
সালাহ উদ্দিন আহমেদ বিবৃতিতে বলেন, ‘গণতন্ত্র মুক্তি আন্দোলনের বিজয় অর্জিত না হওয়া পর্যন্ত চলমান অনির্দিষ্টকালের শান্তিপূর্ণ অবরোধ কর্মসূচি পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত অব্যাহত থাকবে।’ বিএনপি এবং ২০-দলীয় জোটের সকল নেতা-কর্মীসহ দেশবাসীকে চলমান অবরোধ কর্মসূচি শান্তিপূর্ণভাবে চালিয়ে যাওয়ার জন্য দেশনেত্রী খালেদা জিয়ার পক্ষ থেকে আহ্বান জানান।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্দেশে বিবৃতিতে সালাহ উদ্দিন বলেন, ‘সময় থাকতে জনদাবি মেনে নিয়ে অবিলম্বে পদত্যাগ করুন, জাতিকে রক্ষা করুন, দেশ বাঁচান। জনগণের অভিপ্রায় অনুযায়ী নির্দলীয় সরকারের অধীনে জাতীয় সংসদ নির্বাচনের ব্যবস্থা নিন, তাহলেই আপনার নিরাপদ প্রস্থানের বিষয়টি জনগণ সহানুভূতির সাথে বিবেচনা করবে। অন্যথায় আগামী রবিবার থেকে পুনরায় কঠোর কর্মসূচি ঘোষণা দিতে আমরা বাধ্য হব।’
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্তাব্যক্তিদের বক্তব্যের সমালোচনা করে বিবৃতিতে বলা হয়, ‘আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্তাব্যক্তিদের নসিহত করতে চাই, আপনারা প্রজাতন্ত্রের কর্মচারী।ÿক্ষমতার পটপরিবর্তন হলে আপনাদের প্রত্যেকটি বেআইনি কর্মকাণ্ডের জন্য জবাবদিহি করতে হবে। যে কর্মকর্তা একটি লাশের বদলে দুইটি লাশ ফেলার ঘোষণা দিয়েছেন, তাঁর ভবিষ্যৎ পরিণতি কখনোই শুভ হতে পারে না।’