পররাষ্ট্রসচিবের এত খুশির কারণ দেখেন না নজরুল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের পররাষ্ট্রসচিবের ঢাকা সফরে বাংলাদেশের পররাষ্ট্রসচিবের এত খুশি হওয়ার কারণ দেখছেন না বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। তিনি বলেন, ‘পত্রিকায় দেখলাম আমাদের পররাষ্ট্রসচিব ভীষণ খুশি। তিস্তার পানি নিয়ে আলোচনায় অগ্রগতি না হলে তো এত আনন্দিত হওয়ার কারণ দেখি না।’
গতকাল শুক্রবার সকালে পুরানা পল্টনে ফটোজার্নালিস্ট অ্যাসোসিয়েশনে এক আলোচনা সভায় নজরুল ইসলাম খান এ কথা বলেন। ফারাক্কার লংমার্চের ৪০তম বার্ষিকী উপলক্ষে বাংলাদেশ ন্যাপ এই আলোচনার আয়োজন করে।
ভারতের পররাষ্ট্রসচিবের সঙ্গে সন্ত্রাস ও জঙ্গিবাদ নিয়ে আলোচনা প্রসঙ্গে বিএনপির এই নেতা বলেন, ‘নিশ্চয়ই সন্ত্রাস-জঙ্গিবাদ নিয়ে আলোচনা ও মতৈক্য হবে। অবশ্যই আমরা এর বিরুদ্ধে। কারণ সন্ত্রাস বা জঙ্গিবাদ যে নামেই হোক, এটা গ্রহণযোগ্য নয়। এর সঙ্গে রাজনীতির কোনো সম্পর্ক নেই। সেটা দূর করার কথা আমরা বারবার বলেছি, এমনকি বিএনপি বিবৃতি দিয়েও বলেছে, সন্ত্রাস-জঙ্গিবাদের বিরুদ্ধে সরকারকে সহযোগিতা করতে আমরা রাজি আছি। কিন্তু প্রশ্ন হলো, ভারতের সঙ্গে আমাদের যেসব পেন্ডিং (অমীমাংসিত) ইস্যু, তার মধ্যে তো তিস্তার পানি গুরুত্বপূর্ণ ইস্যু। এই নিয়ে আলোচনায় অগ্রগতি না হলে তো এত আনন্দিত হওয়ার কারণ দেখি না।’