পরশুরামে বিএনপি নেতাকে কোপাল 'ছাত্রলীগ'
ফেনীর পরশুরামে কামাল হোসেন ওরফে জাহাঙ্গীর সরকার (৫২) নামে বিএনপির এক নেতাকে কুপিয়ে ও পিটিয়ে জখম করেছে দুর্বৃত্তরা।
গতকাল শনিবার পরশুরাম উপজেলা সদরের স্টেশন রোডে এ ঘটনা ঘটে। হামলার জন্য ছাত্রলীগের নেতা-কর্মীদের দায়ী করেছে বিএনপি। তবে ছাত্রলীগ এ অভিযোগ অস্বীকার করেছে।
দলীয় ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, উপজেলার মির্জানগর ইউনিয়ন বিএনপির সদস্য কামাল হোসেন গতকাল ব্যক্তিগত কাজে উপজেলা সদরে যান। তিনি স্টেশন রোডে গেলে দুর্বৃত্তরা তাঁকে কুপিয়ে ও পিটিয়ে আহত করে। কামাল হোসেনকে পরশুরাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
কামাল হোসেন বলেন, অজ্ঞাতনামা এক ব্যক্তি মুঠোফোনে তাঁকে স্টেশন রোডে যেতে বলেন। তিনি সেখানে যাওয়ামাত্রই উপজেলা ছাত্রলীগের সভাপতি সাইফুল করিম মজুমদার ওরফে নিহাদের নেতৃত্বে পাঁচ-ছয়জন যুবক তাঁকে কুপিয়ে ও পিটিয়ে জখম করে।
পরশুরাম উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু তালেব এ ঘটনার জন্য ছাত্রলীগের নেতা-কর্মীদের দায়ী করেন।
তবে সাইফুল করিম মজুমদার অভিযোগ অস্বীকার করেন।
পরশুরাম থানার পরিদর্শক (তদন্ত) দেবপ্রিয় দাস বলেন, এ ব্যাপারে কেউ থানায় অভিযোগ করেনি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।