পরশুরামে বিনা ভোটে আ.লীগের ৩ চেয়ারম্যান!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বেলা দেড়টা। বৃহস্পতিবার। ফেনী জেলা প্রশাসকের কার্যালয়। মনোনয়নপত্র জমা দিতে এসেছেন পরশুরাম উপজেলার বক্স মাহমুদ ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের সদস্য পদপ্রার্থী নুরুল ইসলাম চৌধুরী। তিনি যাবেন ভবনের দ্বিতীয় তলায় সহকারী রিটার্নিং কর্মকর্তার কক্ষে। এর আগে নিচতলায় দেখে নিচ্ছেন প্রয়োজনীয় সব কাগজপত্র এনেছেন কি না। গুরুত্বপূর্ণ একটি কাগজ ভুলে রেখে এসেছেন। সেটি আনতে কার্যালয় থেকে বের হওয়ার আগেই তাঁকে ঘিরে ধরেন কয়েকজন যুবক। তাঁদের হুকুম, ‘বাড়ি যা। নইলে...।’
দায়িত্বরত পুলিশ সদস্যরা বিষয়টি বুঝতে পেরে এগিয়ে আসেন। নুরুল ইসলাম যাতে নিরাপদে কাগজটি নিয়ে আবার কার্যালয়ে আসতে পারেন, সেই ব্যবস্থা করেন তাঁরা। এ সময় এক যুবক কথা বলার জন্য মুঠোফোন বাড়িয়ে দেন ফেনী সদর থানার উপপরিদর্শক (এসআই) কামরুল ইসলামের দিকে। পুলিশ ওই যুবককে আটক করে থানায় পাঠায়। আটক ফয়জুল্লাহ মামুন বক্স মাহমুদ ইউনিয়নের ওই ওয়ার্ডের সাধারণ সদস্য পদপ্রার্থী এবং ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক।
বেলা দুইটা: দুই পুলিশ সদস্যের সঙ্গে মোটরসাইকেলে করে আবার কার্যালয়ে আসেন নুরুল ইসলাম। এসেই কার্যালয়ে থাকা উপপরিদর্শক কামরুল ইসলামকে উদ্দেশ করে বলেন, ‘আমি মনোনয়ন জমা দেব না। আপনি মামুনকে আটকের পর আমার বাড়িঘরে হামলা শুরু হয়েছে। আমার ছেলে ফোন করে বলেছে। আপনি তাঁকে ছেড়ে দেন।’
এসআই কামরুল ইসলাম সাংবাদিকদের বলেন, ‘এখন আমরা কী করব? আমাদের দায়িত্ব ছিল নিরাপত্তা দেওয়া। কিন্তু তাঁর পরিবারের নিরাপত্তার কারণে তিনি এখন জমা দিতে চাচ্ছেন না। ওই ছেলে আমাকে তাঁর নেতার সঙ্গে ফোনে কথা বলিয়ে দিতে চেয়েছিলেন। এখন ওই ছেলেকে ছেড়ে না দিলে তাঁর (নুরুল ইসলাম) পরিবার হুমকিতে থাকবে।’
পরশুরাম উপজেলার তিনটি ইউনিয়ন পরিষদে নির্বাচন হচ্ছে। নুরুল ইসলামের মতো আরও অনেক প্রার্থী হুমকির কারণে নির্বাচন না করার সিদ্ধান্ত নিয়েছেন। তিন ইউনিয়নেই চেয়ারম্যান পদে আওয়ামী লীগের প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে চলেছেন। তাঁরা হলেন পরশুরামের বক্স মাহমুদ ইউনিয়নে জাকির হোসেন, মির্জানগরে নূরুজ্জামান ওরফে ভুট্টু ও চিথলিয়া ইউনিয়নে জসিম উদ্দিন।
পরশুরামে ইউপি নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা শাহেদা আক্তার প্রথম আলোকে বলেন, তিন ইউপিতেই চেয়ারম্যান পদে একজন করে প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। তাঁরা সবাই আওয়ামী লীগের প্রার্থী। তাঁরা যদি নিজেরা মনোনয়নপত্র প্রত্যাহার না করেন বা বাছাইয়ে বাদ না পড়েন, তাহলে আইন অনুযায়ী তাঁরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হবেন। এ ছাড়া তিন ইউনিয়নের নয়টি সংরক্ষিত নারী ওয়ার্ডের মধ্যে আটটিতেই একক প্রার্থী রয়েছেন। আর ২৭টি সাধারণ ওয়ার্ডের মধ্যে ১৫টিতে একক প্রার্থী থাকায় তাঁরাও বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে চলেছেন।
দ্বিতীয় ধাপের ইউপি নির্বাচনে গত বুধবার মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ছিল। তবে ওই দিনই নির্বাচন কমিশন পরশুরামের তিন ইউপির জন্য মনোনয়নপত্র জমা দেওয়ার সময় এক দিন বৃদ্ধি করে। একই সঙ্গে ফুলগাজীর ছয় ইউপির নির্বাচন স্থগিত ঘোষণা করা হয়। অভিযোগ উঠেছে, অব্যাহত হুমকি ও চাপের কারণে পরশুরামের তিন ইউনিয়নের বিএনপি-সমর্থিত চেয়ারম্যান পদপ্রার্থীরা তাঁদের মনোনয়নপত্র জমা দিতে পারেননি।
জানতে চাইলে পরশুরাম উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু তালেব গতকাল দুপুরে মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘প্রার্থীদের পরিবারের সদস্যদের হুমকি দেওয়া হচ্ছে অব্যাহতভাবে। আজ পুলিশ পাহারায় ফরম জমা দেবে, পরে তাদের বাড়িতে গিয়ে হামলা করবে, তখন কে নিরাপত্তা দেবে?’
মঙ্গলবার বিএনপির তিন প্রার্থী জেলা প্রশাসকের কার্যালয়ে মনোনয়নপত্র জমা দিতে এসে শারীরিকভাবে নিগৃহীত হন।
জানতে চাইলে চিথলিয়া ইউপির বিএনপি মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী আবদুর রব মজুমদার মুঠোফোনে এই প্রতিবেদককে বলেন, ‘আমার পরিবারের সদস্যদের হুমকি দেওয়া হচ্ছে। আমার মেয়েকে স্কুল থেকে ফেরার সময় আজেবাজে কথা বলা হচ্ছে। তাই আমি আর কীভাবে মনোনয়ন জমা দেব আপনারা বলেন?’
হুমকি ও চাপের কারণে বক্স মাহমুদ ইউপির বিএনপির চেয়ারম্যান পদপ্রার্থী ইব্রাহিম খলিল ও মির্জানগর ইউপির চেয়ারম্যান পদপ্রার্থী জামাল উদ্দিন চৌধুরী গতকাল মনোনয়নপত্র জমা দেননি। ইব্রাহিম খলিল বক্স মাহমুদ ইউপির বর্তমান চেয়ারম্যান। তিনি বলেন, ‘আমার বাড়িতে আজ (বৃহস্পতিবার) সকালেও মোটরসাইকেল দিয়ে মহড়া দিয়েছে তারা। ওসি বুধবার রাতে আমাকে ফোন করে বলেছে, নিরাপত্তা দেওয়া হবে। তখন আমি প্রশ্ন করি, সব সময় নিরাপত্তা কে দেবে?’
বিএনপির চেয়ারম্যান পদপ্রার্থীদের হুমকি দেওয়ার বিষয়ে ফেনী জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক নিজাম উদ্দিন মজুমদার বলেন, বাধা দেওয়ার অভিযোগের কোনো ভিত্তি নেই। প্রার্থীদের লাঞ্ছিত করার বিষয়ে তিনি বলেন, ‘সাংবাদিকদের কাজ হলো খুঁচিয়ে খুঁচিয়ে বের করা, আর আমাদের কাজ অভিযোগ অস্বীকার করা।’