আওয়ামী লীগ নেতাদের সঙ্গে ‘আঁতাত’ করে ফেনীর পরশুরামে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে চেয়ারম্যান পদে দলীয় প্রার্থীরা মনোনয়নপত্র জমা দেননি বলে অভিযোগ করেছে উপজেলা বিএনপির একাংশ। গতকাল সোমবার বেলা ১১টায় পরশুরাম উপজেলা বিএনপির কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এই অভিযোগ করা হয়।
সংবাদ সম্মেলনে দাবি করা হয়, ২ মার্চ ফেনীর জেলা প্রশাসকের কার্যালয়ে দলের চেয়ারম্যান পদপ্রার্থীদের লাঞ্ছিত করা এবং তাঁদের কাছ থেকে মনোনয়নপত্র ছিনতাইয়ের ঘটনাটি ছিল ‘নাটক’। আঁতাতের মাধ্যমে এটি করা হয়েছে। এ জন্য উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু তালেবকে দায়ী করেছেন দলের জ্যেষ্ঠ কয়েকজন নেতা। তাঁর সঙ্গে আওয়ামী লীগ নেতাদের আঁতাত হয়েছে বলেও সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়।
পরশুরাম উপজেলা বিএনপির সভাপতি হাবিবুর রহমান বলেন, উপজেলার মির্জানগর, চিথলিয়া ও বক্সমাহমুদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় চেয়ারম্যান প্রার্থীদের মনোনয়নপত্র জমা দেওয়ার জন্য গত ৩ মার্চ তিনিসহ দলের অনেক নেতা উপজেলা সদরে ছিলেন। পুলিশ প্রশাসনের পক্ষ থেকে প্রার্থীদের নিরাপত্তার আশ্বাস দেওয়া হয়। এরপরও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নিরাপত্তার অজুহাত দেখানোয় প্রার্থীরা মনোনয়নপত্র জমা দেননি।
উপজেলা বিএনপির সভাপতি দাবি করেন, জেলা প্রশাসকের কার্যালয়ে র্যা ব ও পুলিশের পাহারায় নিরাপদে মনোনয়নপত্র জমা দেওয়ার পর্যাপ্ত সুযোগ থাকার পরও দলের তিন প্রার্থী মনোনয়নপত্র জমা দেননি। এর মাধ্যমে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে বেইমানি করা হয়েছে।
বিএনপির নেতাদের সঙ্গে ‘আঁতাতের’ অভিযোগের বিষয়ে জানতে চাইলে গতকাল রাতে পরশুরাম উপজেলা আওয়ামী লীগের সভাপতি এনামুল করিম মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘বিএনপির প্রার্থীরা কেন মনোনয়নপত্র জমা দেননি, সেটি তাঁরাই ভালো বলতে পারবেন। এর সঙ্গে আওয়ামী লীগের কোনো সম্পর্ক নেই। বিএনপির সঙ্গে আঁতাত হওয়ার প্রশ্নই আসে না।’
ইউপি নির্বাচন নিয়ে আওয়ামী লীগের সঙ্গে আঁতাতের অভিযোগ অস্বীকার করেছেন পরশুরাম উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু তালেবও।
সংবাদ সম্মেলনে উপজেলা বিএনপির সভাপতি অভিযোগ করেন, কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্তকে পাশ কাটিয়ে কারও মতামত না নিয়ে চেয়ারম্যান পদে নিজের পছন্দের ব্যক্তিদের তালিকা দলের কেন্দ্রীয় বিএনপির কার্যালয়ে পাঠান আবু তালেব।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন পরশুরাম উপজেলা বিএনপির সাবেক সভাপতি আবু নাছের চৌধুরী, অলিউর রহমান, সাবেক সাধারণ সম্পাদক জাফর উল্যাহ, উপজেলা যুবদলের বর্তমান সভাপতি আবদুল আলিম, পৌর যুবদলের সভাপতি মোস্তাফিজুর রহমান প্রমুখ।
সংবাদ সম্মেলনে ওঠা অভিযোগের বিষয়ে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু তালেব বলেন, শুধু চেয়ারম্যান নয়, ভয়ভীতির কারণে তিনটি ইউনিয়নের সংরক্ষিত নারী এবং সাধারণ ওয়ার্ডেও বিএনপি-সমর্থিত প্রার্থীরা মনোনয়নপত্র জমা দিতে পারেননি। আর চেয়ারম্যান প্রার্থীদের তালিকা দলের কেন্দ্রীয় কমিটির কাছে পাঠানো হয়েছে সবার মতামতের ভিত্তিতে।
পরশুরাম উপজেলার বক্সমাহমুদ ইউনিয়নের বিএনপির চেয়ারম্যান পদপ্রার্থী ছিলেন ইব্রাহিম খলিল, চিথলিয়া ইউনিয়নে আবদুর রব মজুমদার ও মির্জানগর ইউনিয়নে জামাল উদ্দিন চৌধুরী। সংবাদ সম্মেলনে ওঠা অভিযোগের বিষয়ে জানতে চাইলে গতকাল রাতে তিনজনের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হয়। তাঁরা তিনজনই পৃথকভাবে আঁতাতের অভিযোগ ভিত্তিহীন বলে জানান। ঝুঁকি নিয়ে ফেনীতে মনোনয়নপত্র জমা দিতে গিয়ে শুধু বাধা নয়, শারীরিকভাবেও লাঞ্ছিত হয়েছেন বলে তাঁরা জানান।
পরশুরামের তিনটি ইউনিয়নে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের তিন প্রার্থী ছাড়া আর কেউ মনোনয়নপত্র জমা দেননি। আর সংরক্ষিত ৯টি নারী সদস্যপদের মধ্যে ৮টিতে এবং ২৭টি সাধারণ ওয়ার্ডের সদস্যপদের ১৫টিতেই একক প্রার্থী রয়েছেন।
ফুলগাজীতে মানববন্ধন: ফুলগাজী উপজেলা চেয়ারম্যানের বিরুদ্ধে করা মামলা এবং চেয়ারম্যানের পদ থেকে অপসারণ আদেশ প্রত্যাহারের দাবিতে গতকাল বিকেলে উপজেলা সদরে মানববন্ধন হয়েছে। কর্মসূচিতে বক্তারা অভিযোগ করেন, একটি বিশেষ মহলের চক্রান্তে উপজেলা চেয়ারম্যান আবদুল আলিমের বিরুদ্ধে থানায় নির্বাচনী আচরণবিধি ভঙ্গের মিথ্যা মামলা হয়েছে। ভুল তথ্য উপস্থাপন করে তাঁকে উপজেলা চেয়ারম্যানের পদ থেকে অপসারণ করা হয়েছে। তাঁরা মামলা প্রত্যাহার এবং অপসারণ আদেশ প্রত্যাহারের দাবি জানান।