পরাজয় নিশ্চিত জেনেই ষড়যন্ত্র করছেন খালেদা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য ও শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বলেছেন, তিন সিটি করপোরেশন নির্বাচনে পরাজয় নিশ্চিত জেনে খালেদা জিয়া ষড়যন্ত্র শুরু করেছেন। তিনি নির্বাচন নিয়ে মিথ্যাচার করছেন।
গতকাল সোমবার আওয়ামী লীগ আয়োজিত সংবাদ সম্মেলনে আমির হোসেন আমু এ কথা বলেন। দলের ধানমন্ডি কার্যালয়ে এই সংবাদ সম্মেলন হয়।
আমির হোসেন আমু বলেন, নির্বাচনে পরাজয় জেনেই খালেদা জিয়া মিথ্যাচার করে মানুষকে বিভ্রান্ত করতে চাচ্ছেন। তিনি আন্দোলনের হুমকি দিচ্ছেন। তিনি তো আন্দোলনের মধ্যেই আছেন। মামলা থেকে বাঁচতে তিনি বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি করে সুবিধা পেতে চান। তিনি বলেন, উনি (খালেদা জিয়া) নির্বাচনের আগে এক কথা বলেন, নির্বাচনের পরে আরেক কথা বলেন। তিনি বুঝতে পেরেছেন, উনার প্রার্থীদের ভরাডুবি হবে। উনার দলীয় ব্যর্থতার কারণে প্রার্থী দিতে পারেননি। চট্টগ্রামের আমীর খসরু মাহমুদ চৌধুরী ও আবদুল্লাহ আল নোমানকে প্রার্থী করতে চেয়েছিলেন। ভোট পাবেন না বলে প্রার্থী হননি। আবদুল আউয়াল মিন্টু ছিলেন তাঁর দলের প্রার্থী। কিন্তু তিনি কোনো কারণে প্রার্থী হতে পারেননি। তাঁর ছেলে, না কে প্রার্থী হয়েছে। তাকে কেউ চেনে না।’
সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, মাহবুব-উল আলম হানিফ, দীপু মনি, আহমেদ হোসেন, খালিদ মাহমুদ চৌধুরী, আবু সাঈদ আল মাহমুদ স্বপন, বদিউজ্জামান, আবদুস সোবহান, অসীম কুমার উকিল প্রমুখ।