পরাজয় নিশ্চিত জেনে ভোট থেকে বিএনপি সরতে চায়: আ.লীগ
আসন্ন পৌরসভা নির্বাচনে ‘পরাজয় নিশ্চিত’ জেনে মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধাদের নিয়ে বিএনপির নেতারা বিতর্কিত মন্তব্য করেছেন বলে মনে করছে আওয়ামী লীগ। দলটি মনে করে, বিএনপির নেতাদের বক্তব্যে দলটির ভোট কমেছে। তাদের পরাজয় সুনিশ্চিত।
গতকাল শনিবার আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ এক সংবাদ সম্মেলনে দলের এই অবস্থান তুলে ধরেন। তিনি বলেন, দলটির সাংগঠনিক সম্পাদকদের সর্বশেষ প্রতিবেদন পর্যালোচনা করে সারা দেশের ২০১ পৌরসভায় আওয়ামী লীগের প্রার্থীরা এগিয়ে আছেন। বিএনপির নেতাদের বিতর্কিত বক্তব্যের কারণে আওয়ামী লীগের প্রার্থীদের অবস্থান উত্তরোত্তর উন্নতি হচ্ছে।
হানিফ আরও বলেন, বিএনপি বুঝে গেছে, তাদের পরাজয় নিশ্চিত। দলটির অতীত কর্মকাণ্ড এবং মুক্তিযুদ্ধ নিয়ে বিতর্কিত মন্তব্যের কারণে তাদের প্রার্থীদের যতটুকু সম্ভাবনা ছিল, তা আরও কমে গেছে। তাদের জয়লাভের আর কোনো সুযোগ নেই। দলটির চেয়ারপারসন খালেদা জিয়াসহ নেতাদের বিতর্কিত মন্তব্যের পেছনে নির্বাচন থেকে সরে আসার সন্দেহ সৃষ্টি হয়েছে। তাঁরা আসলে নির্বাচন প্রক্রিয়াকে প্রশ্নবিদ্ধ করতে চান। নির্বাচনটা ভন্ডুল করে মাঠে বিশৃঙ্খলা করতে চান। নির্বাচন থেকে সরে না আসার জন্য বিএনপির প্রতি আহ্বান জানান এই নেতা।
হানিফ আরও বলেন, খালেদা জিয়া ও অন্যদের বক্তব্য ক্ষমার অযোগ্য অপরাধ। এই বক্তব্যের পর আর তাঁদের রাজনীতি করার অধিকার থাকে না। পৌর ভোটে মানুষ তাঁদের বর্জন করে সেটাই প্রমাণ করবেন।
সংবাদ সম্মেলনে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক দীপু মনি, জাহাঙ্গীর কবির নানক, কৃষি ও সমবায়-বিষয়ক সম্পাদক আবদুর রাজ্জাক, সাংগঠনিক সম্পাদক আহমেদ হোসেন, আবু সাঈদ আল মাহমুদ, খালিদ মাহমুদ চৌধুরী, দপ্তর সম্পাদক আবদুল মান্নান খান ও আবদুস সোবহান গোলাপ, কেন্দ্রীয় নেতা এম এস কামাল হোসেন, সুজিত রায় নন্দী প্রমুখ উপস্থিত ছিলেন।
এর আগে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ওবায়দুল কাদেরের নেতৃত্বে নেতারা বৈঠক করেন। একাধিক নেতা বলেন, মুক্তিযুদ্ধে গণহত্যা ও শহীদদের নিয়ে ঐতিহাসিক যে ঐকমত্য রয়েছে, কেউ যাতে এর বাইরে যেতে না পারে, সে জন্য আইন তৈরির বিষয়টি নিয়ে আলোচনা হয়। আইনমন্ত্রী আনিসুল হকও শুক্রবার এক অনুষ্ঠানে সাংবাদিকদের বলেছিলেন, আইন কমিশন প্রস্তাব করলে এ ধরনের আইন প্রণয়নে উদ্যোগ নেবে তাঁর মন্ত্রণালয়। দলগতভাবে আওয়ামী লীগেরও বিষয়টির পক্ষে অবস্থান নেওয়া উচিত বলে আলোচনা হয় বৈঠকে।