পরামর্শ দিন, কঠোর সমালোচনা করুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভুল করলে নিঃসংকোচে জানান। পরামর্শ দিন। কঠোর সমালোচনা করুন। তবে উদ্দেশ্যপ্রণোদিত বা প্রভাবিত হয়ে সমালোচনা করবেন না। গতকাল সোমবার দুপুরে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগ আয়োজিত গণসংবর্ধনায় এসব কথা বলেন নবনির্বাচিত মেয়র আ জ ম নাছির উদ্দিন।
দলমতের ঊর্ধ্বে উঠে স্বচ্ছতা ও জবাবদিহির মাধ্যমে দায়িত্ব পালনের অঙ্গীকার করে চট্টগ্রামের নতুন এই মেয়র বলেন, ‘আমাকে নিয়ে অনেকে শঙ্কা প্রকাশ করেছিলেন। নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হওয়ার পর আপনারা দেখেছেন, আমি সবাইকে নিয়ে চলেছি। একইভাবে মেয়রের দায়িত্ব নেওয়ার পরও সবাইকে নিয়ে শতভাগ আন্তরিকতা, সততা ও নিষ্ঠার সঙ্গে চলব।’
নগরের ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে আয়োজিত গণসংবর্ধনায় সভাপতিত্ব করেন নগর আওয়ামী লীগের সভাপতি ও সাবেক মেয়র এ বি এম মহিউদ্দিন চৌধুরী। সভার শুরুতে মহিউদ্দিন চৌধুরী নবনির্বাচিত মেয়র আ জ ম নাছির উদ্দিন ও নতুন কাউন্সিলরদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান। এরপর সংক্ষিপ্ত বক্তব্য দিয়ে চিকিৎসার জন্য সিঙ্গাপুর যাওয়ার কথা বলে তিনি সভাস্থল ত্যাগ করেন। এরপর সভাপতিত্ব করেন নগর আওয়ামী লীগের সহসভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী।
গণসংবর্ধনার জবাবে আ জ ম নাছির উদ্দিন বলেন, ‘আমি স্পষ্ট ভাষায় বলতে চাই, আমার সফলতা-ব্যর্থতার সঙ্গে আওয়াম লীগ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুনাম-মর্যাদা জড়িত।’
দলীয় কাউন্সিলরদের উদ্দেশে মেয়র বলেন, তিনি জিরো টলারেন্স নিয়ে সিটি করপোরেশন পরিচালনা করবেন। সেবার মানসিকতা নিয়ে কাজ করতে এসেছেন। তাঁর পাওয়ার কিছু নেই। যাঁরা (কাউন্সিলর) পেতে চান, তাঁদের সরে যাওয়ার পরামর্শ দেন তিনি।
নতুন মেয়র বলেন, ‘আমার কাছে কেউ আপন কেউ পর নন। যাঁরা নিষ্ঠার সঙ্গে কাজ করবেন তাঁরাই আমার আপন।’ কর্মকর্তা-কর্মচারীদের সততার মাধ্যমে কাজ করার আহ্বান জানান নবনির্বাচিত মেয়র।
জলাবদ্ধতা নিরসনের বিষয়ে আ জ ম নাছির বলেন, দায়িত্ব নিতে নিতে বর্ষাকাল চলে আসবে। এ মুহূর্তে কিছু করা সম্ভব নয়। তবে নালা-নর্দমাগুলো যাতে পরিষ্কার রাখা হয়, সেই চেষ্টা করা হচ্ছে। তিনি বলেন, দায়িত্ব না নিলেও দূর থেকে নির্দেশনা দিচ্ছেন। ইতিমধ্যে নগরের পরিচ্ছন্নতার বিষয়ে কিছু পরিবর্তন হয়েছে। জলাবদ্ধতা ও অন্যান্য সমস্যা নিরসনে সাবেক মেয়র ও বিশেষজ্ঞদের সমন্বয়ে পরামর্শক কমিটি গঠনের কথাও জানান তিনি।
তৃণমূলে দল পুনর্গঠনের কথা উল্লেখ করে নতুন মেয়র বলেন, নগরের থানা ও ওয়ার্ড কমিটিতে যাঁরা নিষ্ঠার সঙ্গে কাজ করছেন, তাঁরা থাকবেন। আর যাঁরা দলের নাম ভাঙিয়ে নিজের আখের গোছাচ্ছেন, তাঁরা সরে যেতে বলেন তিনি।
সভায় সাবেক সাংসদ ইছহাক মিয়া, উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি নূরুল আলম চৌধুরী, দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি মোছলেম উদ্দিন আহমেদ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য ইফতেখার উদ্দিন চৌধুরী, নগর মহিলা লীগের সভানেত্রী হাসিনা মহিউদ্দিন, নগর আওয়ামী লীগের সহসভাপতি আফতাফ হোসেন চৌধুরী, ন্যাপ নেতা আলী আহমেদ নজির, বিএমএর চট্টগ্রাম শাখার সভাপতি মুজিবুল হক খান, ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট চট্টগ্রাম কেন্দ্রের সাবেক সভাপতি মো. হারুন এবং কাউন্সিলর চৌধুরী হাসান মাহমুদ হাসনী বক্তব্য দেন। সভা পরিচালনা করেন নগর আওয়ামী লীগের প্রচার সম্পাদক শফিকুল ইসলাম।