পরামর্শের নামে বিভ্রান্তি না ছড়াতে ফখরুলের প্রতি আহবান কাদেরের

পরামর্শ দেওয়ার নামে মানুষের মধ্যে বিভ্রান্তি না ছড়াতে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের প্রতি আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
ওবায়দুল কাদের আজ শনিবার দুপুরে তাঁর সরকারি বাসভবনে দেশের সমসাময়িক বিষয় নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এই আহ্বান জানান।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, 'করোনা সংকট মোকাবেলায় সরকারের নেওয়া পদক্ষেপে ভুল হলে ভালো পরামর্শ দিতে কোনো আপত্তি নেই। তবে সরকারের সমালোচনা করতে গিয়ে পরামর্শ দেওয়ার নামে বিভ্রান্তিকর বক্তব্য দিয়ে মানুষের মধ্যে বিভ্রান্তি ছড়ানো এই মুহূর্তে কোনো দায়িত্বশীল রাজনৈতিক নেতার দায়িত্ব বলে আমরা মনে করি না।'
মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্যের জবাবে ওবায়দুল কাদের বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন প্রণোদনা প্যাকেজ ঘোষণা করেন, তখন সব দিক বিবেচনা করে সবার স্বার্থ অক্ষুন্ন রেখে এবং ফ্রন্ট লাইন ওয়ার্কারদের প্রাধান্য দিয়ে প্রণোদনা প্যাকেজ ঘোষণা করেন।
সেতুমন্ত্রী বলেন, প্রণোদনা প্যাকেজ ঘোষণার পর সর্ব মহলেই প্রশংসিত হয়েছে। এমনকি মির্জা ফখরুলও ধন্যবাদ জানিয়েছেন। অথচ এখন বিরোধিতার খাতিরে বিরোধিতা করে সরকারের বিরুদ্ধে বিভ্রান্তি ছড়িয়ে রাজনৈতিক ফায়দা লোটার জন্য প্রণোদনা প্যাকেজ নিয়ে বিএনপি বিরূপ মন্তব্য করতে শুরু করেছে।
ওবায়দুল কাদের বলেন, দেশের এই সংকটময় মুহুর্তে একজন রাজনৈতিক নেতার কাছ থেকে এ ধরণের কাণ্ডজ্ঞানহীন বক্তব্য প্রত্যাশা করি না। আওয়ামী লীগ প্রধানমন্ত্রী শেখ হাসিনা নেতৃত্বে জনগণের পাশে দাঁড়িয়ে বৈশ্বিক মহামারি করোনাভাইরাস প্রতিরোধে সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।
সড়ক পরিবহন মন্ত্রী বলেন, আমরা এই দুর্যোগের মধ্যে কাঁদা ছোড়াছুড়ির রাজনীতিতে লিপ্ত হতে চাই না। কিন্তু বিএনপির নেতারা ঘরবন্দী মানুষের পাশে না দাঁড়িয়ে প্রতিদিন সংবাদ সম্মেলন ডেকে একের পর এক মিথ্যাচার, বিভ্রান্তিমূলক মন্তব্য করে জনমনে আতঙ্ক সৃষ্টির অপপ্রয়াস চালাচ্ছেন।
সেতুমন্ত্রী বলেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীর জাতীয় টাস্কফোর্স গঠনের আহ্বান জানিয়েছেন। কিন্তু করোনাভাইরাস মোকাবেলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইতিমধ্যেই জাতীয় কমিটি গঠন করেছেন। প্রশ্ন হচ্ছে, এই মুহুর্তে জাতীয় টাস্কফোর্স গঠনের প্রশ্ন কেন? যেখানে প্রধানমন্ত্রী নিজেই উদ্যোগ নিয়ে জাতীয় কমিটি গঠন করেছেন। এবং সেই কমিটি করোনা প্রতিরোধে সর্বাত্মক প্রয়াস চালিয়ে যাচ্ছে।
ওবায়দুল কাদের বলেন, যুক্তরাজ্য সরকার টাস্কফোর্স গঠন করেছে নতুন ভ্যাকসিন আবিষ্কারের জন্য। যুক্তরাষ্ট্রেও করোনাভাইরাস মেডিকেল টাস্কফোর্স গঠিত হয়েছে। মির্জা ফখরুল জাতীয় টাস্কফোর্স বলতে কী বোঝাতে চান? যে দাবি জানিয়েছেন, এই দাবি দ্বারা তিনি কী বোঝাতে চেয়েছেন? এই টাস্কফোর্স কী, তার ব্যাখা কী, তা তিনি পরিস্কার করে কিছু বলেননি।
মির্জা ফখরুলের জাতীয় টাস্কফোর্স গঠনের আহ্বান প্রসঙ্গে সেতুমন্ত্রী বলেন, এটা কি কোনো রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বিষয়? তবে কি তিনি কিছু দিন পর আবার জাতীয় দুর্যোগ টাস্কফোর্স গঠনের কথা বলবেন? তারপর আবার জাতীয় সরকার গঠনের কথা বলবেন?
বিএনপির বক্তব্য রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মন্তব্য করে ওবায়দুল কাদের বলেন, 'জনগণকে অনুরোধ করব, আপনারা বিভ্রান্ত হবেন না। আপনারা স্বাস্থ্যবিধি মেনে চলুন, আমরা আপনাদের পাশে আছি।'